ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এটিএন রেকর্ডস তিন জাতি সিরিজে মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজ 'এ' দল ৮১ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা 'এ' দলকে।
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ক্যারিবিয়রা ৫ উইকেটে ২৯৫ রান করে, নির্ধারিত ৫০ ওভারে। জবাবে ব্যাট করতে নেমে প্রটিয়াস ইনিংস গুটিয়ে যায় ২১৪ রানে, ৪৪.৩ ওভারে।
টস জিতে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজকে উদ্বোধনী জুটিতে ৪২ রান এনে দেন দুই ব্যাটসম্যান ডেভন স্মিথ ও ওমার ফিলিপস। সাত রানে দুই উইকেট হারিয়ে সাময়িক বিপদে পড়লেও ড্যারেন ব্রাভোর শতক ও ব্রেন্ডন ন্যাশ ও ক্রিক এডওয়ার্ডসের অর্ধ-শতকে দক্ষিণ আফ্রিকাকে ২৯৬ রানের চ্যালেঞ্জ দেয় ক্যারিবিয় দল।
ব্রাভো ১০ চার ও এক ছক্কায় দলের পক্ষে সবচেয়ে বেশি ১০৭ রান তুলে অপরাজিত থাকেন। এছাড়া ন্যাশ করেন ৭১ রান ও ক্রিক এডওয়ার্ডস অপরাজিত থাকেন ৫০ রানে।
জয়ের লক্ষ্যে তাড়া করতে নেমে শুরুটা খারাপ করেনি প্রটিয়াসরা। উদ্বোধনী জুটিতে ৫০ রান এলেও পরবর্তী ১০ রান তুলতেই চার ব্যাটসম্যানকে হারিয়ে ম্যাচে পা হড়কায় দক্ষিণ আফ্রিকা। মিডল অর্ডার ব্যাটসম্যানরা কিছুক্ষণ লড়ে গেলেও সেটা জয়ের জন্য যথেষ্ট হয়নি।
সর্বোচ্চ ৪২ রানের ইনিংসটি খেলেন টি সোলেকিলে। এছাড়া উদ্বোধনী ব্যাটসম্যান মারনে ভ্যান উইক ৩৪, ডেভিড মিলার ৩১ ও ডিন এলগার করেন ৩০ রান।
লিওনেল বেকার ৩২ রানে চার উইকেট ও গ্যাভিন টঙ্গ ৪৭ রান খরচে তিন উইকেট তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকার ইনিংসে ধস নামান।
ম্যাচ সেরা হন ড্যারেন ব্রাভো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/২০২৪ ঘ.
bdnews24