ঢাকা, মে ৯ (বিডিনিউজ টোয়েন্টিফের ডটকম) - টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৪ রানে হেরে গেছে ভারত। ১৭০ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে গিয়ে ভারতের ইনিংস থেমে যায় ৯ উইকেটে ১৫৫ রানে।
প্রথমে ব্যাট করে গেইলের অর্ধ-শতকের সুবাদে ওয়েস্ট ইন্ডিজ রান করে ১৬৯, ছয় উইকেটে।
ব্রিজটাউনের কেনসিংটন ওভালে রোববার জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের টপ ও মিডল-অর্ডার ব্যাটসম্যানদের সবাই শুরুটা বেশ ভালোই করেন। কিন্তু লম্বা ইনিংস কেউই খেলতে পারেননি।
দলের পক্ষে সবচেয়ে বেশি ২৫ বলে ৩২ রান করেন সুরেশ রায়না। এছাড়া অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ১৮ বলে ২৯, ইউসুফ পাঠান ১০ বলে ১৭ ও গৌতম গম্ভির করেন ১৫, ১৪ বলে।
ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে দু'টি উইকেট নেন কেমার রোচ। এছাড়া একটি করে উইকেট নেন ডারেন সামি, টেলর, ব্রাভো, পোলার্ড, গেইল ও বেন।
এর আগে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। শুরুতে ধীর গতিতে এগুলেও রান তোলার হার ধীরে ধীরে বাড়ান ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। প্রথম পাঁচ ওভারে ২৬ ও দশ ওভারে ৬৭ রান তুললেও শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের রান প্রায় ১৭০-এর কোঠায় পৌঁছে যায়।
দলের পক্ষে সবচেয়ে বেশি ৬৬ বলে ৯৮ রান করেন অধিনায়ক ক্রিস গেইল। অল্পের জন্য শতক বঞ্চিত হন তিনি। এছাড়া শিবনারায়ন চন্দরপল ২৩, ডারেন সামি ১৯ ও কিয়েরন পোলার্ড করেন ১৭।
আর চার ব্যাটসম্যানের কেউই দুই অংকের কোঠায় যেতে পারেননি।
ভারতের বোলারদের মধ্যে ৩ উইকেট নেন আশিষ নেহরা, ৩৫ রানে।
মাঠ ভেজা থাকায় খেলা শুরু হতে দেরি হয়। খেলা শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
বিডিনিউজ টোয়েন্টিফের ডটকম/টিআর/২৩৪৩ ঘ.
bdnews24