ঢাকা, মে ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপে বুধবার আফগানিস্তানকে ৫৯ রানে হারিয়ে সুপার এইটে উঠেছে দক্ষিণ আফ্রিকা।
টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠায় আফগানিস্তান। ব্যাট করতে নেমে প্রোটিয়াসরা ৭ উইকেট হারিয়ে করে ১৩৯ রান। জবাবে ৪ ওভার বাকি থাকতেই ৮০ রানে গুটিয়ে যায় আফগানিস্তান।
ব্রিজটাউনের কেনসিংটন ওভালে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথ করেন ২৭ রান। সর্বোচ্চ ৩৪ রান তোলেন জ্যাক ক্যালিস। এছাড়া জ্যঁ-পল ডুমিনি করেন ২৫ রান ও অ্যালভি মর্কেল ২৩।
হামিদ হাসান ২১ রানে শিকার করেন ৩ উইকেট। এছাড়া একটি করে উইকেট নেন নওরোজ, জাদরান ও নবী।
আফগানদের পক্ষে সব চেয়ে বেশি ২৩ রান সংগ্রহ করেন মিরওয়ারিশ আশরাফ। আর হামিদ হাসান ২২ ও সামিউল্লাহ শেনওয়ারি ১১ রান করেন।
মর্নে মর্কেল ২০ রানে তোলেন ৪টি ও চার্ল ল্যাঙ্গাভেল্ট ১২ রানে ৩টি উইকেট। ২টি উইকেট নেন ডেল স্টেইন।
ম্যাচ সেরা হন দ. আফ্রিকার মর্নে মর্কেল।
সুপার এইট পর্বে ৬ মে বাংলাদেশ সময় রাত ১১ টায় দক্ষিণ আফ্রিকা খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১১০০ ঘ.
bdnews24