২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়

গ্রুপ পর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২৭ রানে হেরে টোয়েন্টি- টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2010, 08:34 PM

Updated : 24 Aug 2022, 09:09 PM

ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রুপ পর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২৭ রানে হেরে টোয়েন্টি- টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। বার্বাডোজের কেনসিংটন ওভালে বিশ্বকাপের এগারতম ম্যাচের খেলায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১১৪ রানেই বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায়, ১৮.৪ ওভারে। টস জিতে অস্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪১ রান তোলে। অস্ট্রেলিয়াকে তুলনামুলক কম রানে বেঁধে ফেলায় বাংলাদেশ ১৯ ওভারে ম্যাচ জিততে পারলে বিশ্বকাপে টিকে যাওয়ার সম্ভাবনা তৈরী হয়। তাহলে রান রেটে 'এ' গ্র"প থেকে পাকিস্তানকে পেছনে ফেলে বাংলাদেশ পরবর্তী রাউন্ডে চলে যেতো। কিন্তু মাত্র ১৫ রানেই প্রথম ৪ উইকেট হারানোয় বিপর্যয়ে পড়ে সাকিবের দল। স্বপ্নও ধীরে ধীরে ফিকে হয়ে যেতে শুরু করে। দলের ইনিংস মেরামতের চেষ্টা চালিয়েও ব্যর্থ হন অধিনায়ক সাকিব আল হাসান (২৮) ও মুশফিকুর রহিম (২৪)। সাকিব সর্বোচ্চ ২৮ রানের ইনিংসটি খেলেন। মুশফিকের ব্যাট থেকে আসে ২৪। এছাড়া নাঈম ইসলাম ১৮ ও শফিউল ইসলাম ১৬ রান করেন। ডার্ক ন্যানেস ১৮ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশ ইনিংসে ধস নামান। এছাড়া স্টিভেন স্মিথ ও ডেভিড হাসি দুটি করে উইকেট পান। এর আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের মারাত্মক বোলিংয়ে মাত্র ২১ রানেই দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারায় মাইকেল ক্লার্কের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। ৬৫ রানে যেতেই ৬ উইকেট খুইয়ে ফেলা দলকে চ্যালেঞ্জিং স্কোর এনে দেন মাইক হাসি ও স্টিভেন স্মিথ। হাসি ২৯ বল খেলে অপরাজিত ৪৭ রান করেন। অন্যদিকে ১৮ বল থেকে ২৭ রান সংগ্রহ করেন স্মিথ। এছাড়া ডেভিড ওয়ার্নার ও মাইকেল ক্লার্ক প্রত্যেকেই দলীয় ইনিংসে ১৬ রান করে যোগ করেন। সাকিব ২৪ রানে দু'টি উইকেট নেন। এছাড়া মাশরাফি দুই উইকেট পান ২৮ রান খরচে। একটি করে উইকেট পান আব্দুর রাজ্জাক ও আশরাফুল। ম্যাচ সেরা বিবেচিত হন মাইক হাসি (অস্ট্রেলিয়া)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/০২২৫ ঘ.