ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ত্রিদেশীয় একদিনের সিরিজের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ 'এ'। ২০৩ রানে জেতে তারা স্বাগতিকদের বিপক্ষে।
মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। ব্যাট করতে নেমে সি ইনগ্রাম ও ডি মিলারের শতকের সুবাদে ৩৬৮ রানের বিশাল পাহাড় গড়ে তোলে দক্ষিণ আফ্রিকা, ৯ উইকেটে।
ইনগ্রাম ১১৮ বলে করেন ১২৭। তিনি তার ইনিংসটি সাজান ১৩ চার ও ৩টি ছক্কা দিয়ে। মিলার মাত্র ৬০ বলে অপরাজিত ১১৫ রান করেন। ১০টি চার ও ৭টি ছক্কা মারেন তিনি।
দু'টি করে উইকেট নেন ফয়সাল হোসেন ও নূর হোসেন। এজন্য ফয়সালের খরচ হয় ৩৫ রান। নূর হোসেন দেন ৬৭।
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই পথ হারিয়ে ফেলে বাংলাদেশ। এরপর আর পথে ফেরা হয়ে ওঠেনি। কিউ ফ্রেন্ড ও ভ্যানডায়ারের মারাত্মক বোলিংয়ে ১৬৫ রানেই গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। পুরো ৫০ ওভারও খেলতে পারেনি, খেলেছে ৩২.৩ ওভার।
দলের পক্ষে রকিবুল হাসান সবচেয়ে বেশি ৪০ রান করেন। এছাড়া মার্শাল আইয়ুব করেন ৩৮।
ভ্যানডায়ার ৪২ রানে তিন উইকেট নেন। এছাড়া দুই উইকেট নেন ফ্রেন্ড, ২১ রানে।
ম্যাচ সেরা হন ডি মিলার (দক্ষিণ আফ্রিকা)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২০৫৩ ঘ.
bdnews24