ঢাকা, মে ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে রোববার অস্ট্রেলিয়া ৩৪ রানে জিতেছে পাকিস্তানের বিপক্ষে।
প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া রান করে ১৯১, সব উইকেট হারিয়ে। জয়ের লক্ষ্য ১৯২ রান তাড়া করতে গিয়ে পাকিস্তানের ইনিংস গুটিয়ে যায় ১৫৭ রানে।
সেন্ট লুসিয়ায় জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার বোলারদের আটোসাটো বোলিংয়ের মুখে পাকিস্তানের ব্যাটসম্যানরা খুব একটা সুবিধা করতে পারেননি। দলের পক্ষে সব চেয়ে বেশি ৩১ বলে ৪১ রান করেন মিসবাহ-উল-হক।
এছাড়া অধিনায়ক শহিদ আফ্রিদি ২৪ বলে ৩৩, উমর আকমল ১৪ বলে ১৮ ও ফাওয়াদ আলম ১৬ রান করেন ১১ বলে।
অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নেন শন টেইট ও ডার্ক ন্যান্স। এজন্য টেইটের খরচ হয় ২০ রান। ন্যান্স দেন ৪১।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা চড়াও হন পাকিস্তানি বোলারদের ওপর। উদ্বোধনী জুটিতে ডেভিড ওয়ার্নার ও শেন ওয়াটসন ৫০ রান তোলেন মাত্র ৫ ওভার ২ বলে। ৫১ রানের মাথায় ১৮ বলে ২৬ রান করে ওয়ার্নার সাজঘরের পথ ধরলেও ওয়াটসন ও ডেভিড হাসির ঝড় চলতেই থাকে।
ওয়াটসন বিদায় নেয়ার আগে ৪৯ বলে ৮১ রান করেন। তিনি তার ইনিংসটি সাজান সাতটি চার ও চারটি ছক্কা দিয়ে। আর হাসি করেন ৫৩। তার ২৯ বলের ইনিংসে দু'টি চার ও পাঁচটি ছক্কা রয়েছে।
২০তম ওভার শুরুর আগে মনে হচ্ছিল অস্ট্রেলিয়ার রান দু'শ' ছাড়িয়ে যাবে। কেননা তখন তাদের রান ছিল ১৯১। কিন্তু ওই ওভারেই পাঁচ ব্যাটসম্যান আউট হন। অথচ একটি রানও যোগ হয়নি দলের রানের সঙ্গে।
পাকিস্তানি বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নেন মোহাম্মদ আমের ও সাঈদ আজমল। এ জন্য আমেরের ব্যয় হয় ২৩ রান। আর আজমল দেন ৩৪।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/০২২৭ ঘ.
bdnews24