ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বৃহস্পতিবার পাকিস্তানকে ১২ রানে হারিয়ে আবারো ক্রিকেট বিশ্বকে চমকে দিল জিম্বাবুয়ে। অন্য খেলায় অস্ট্রেলিয়া ১০১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে উইন্ডওয়ার্ড আইল্যান্ডসকে।
সেন্ট লুসিয়ায় টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। জিম্বাবুয়ে নির্ধারিত ২০ ওভারে করে ১৪৩ রান। জয়ের জন্য ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩১ রানেই গুটিয়ে যায় পাকিস্তান।
জিম্বাবুয়ের এল্টন চিগুম্বুরা ৩৫ বলে সব চেয়ে বেশি ৪৯ রান করে অপরাজিত ছিলেন। এছাড়া হ্যামিল্টন মাসাকাদজা ৩৩ ও চার্লস কভেন্ট্রি ৩০ রান করেন।
শহীদ আফ্রিদি ২৪ রানে ৪টি উইকেট নেন।
পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন কামরান আকমল, ২৭ বল খেলে। আর ফাওয়াদ আলম ৩২ ও মিসবাহ-উল-হক ২১ রান করেন।
প্রোসপার উতসেয়া ৪ উইকেট নেন, ১৫ রানে। চিগুম্বুরা ১৬ রানে ৩টি ও ক্রিস এমপোফু ১৯ রানে ২টি উইকেট নেন।
একই স্টেডিয়ামে দিনের অন্য খেলায় টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় উইন্ডওয়ার্ড আইল্যান্ডস। অস্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে করে ১৮৯ রান। জবাবে উইন্ডওয়ার্ড আইল্যান্ডস করে ৮৮। খেলায় উইন্ডওয়ার্ড আইল্যান্ডসের ১২ জন ব্যাট করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৩৫০ ঘ.
bdnews24