ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিটারসেন ও কুনের শতরানের সুবাদে বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে সুবিধাজনক অবস্থানে রয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা এ দল। চার দিনের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে সফরকারী 'এ' দলের সংগ্রহ ৪৩৬ রান, পাঁচ উইকেট হারিয়ে ।
১০৪ রানে ব্যাট করছেন এইচ. কুন। সঙ্গে ৫৯ রানে ক্রিজে আছেন টি. সোলেকেলি ।
ফলে প্রথম ইনিংসে স্বাগতিকদের থেকে ৯০ রানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা, হাতে আছে আরো পাঁচ উইকেট। এর আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ 'এ' দল তাদের প্রথম ইনিংসে সংগ্রহ করে ৩৪৬ রান।
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার প্রথম ইনিংসে ব্যাট করতে নামা দ. আফ্রিকাকে বড় স্কোরের ভিত্তি গড়ে দেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান ডি.এলগার ও এ.পিটারসেন।
এ দুই ব্যাটসম্যান ১০৩ রানের জুটি গড়েন। এছাড়া পঞ্চম উইকেট জুটিতে দলকে আরো একটি শতরানের জুটি উপহার দেন কুন ও সোলেকেলি।
পিটারসেন ১১৬ রান করেন। এছাড়া এলগারের ৪৮ ও জে. ভ্যানডিয়ার ৫১ রান করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/১৮৪০ ঘ.
bdnews24