ওয়াশিংটন, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্রিকেটের নতুন সংস্করণ টি-টোয়েন্টির জয়গান ছড়িয়ে পড়তে যাচ্ছে আটলান্টিকের ওপারেও। নতুন বাজারে ক্রিকেট ছড়িয়ে দেওয়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে তিনটি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেবে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা ।
যুক্তরাষ্ট্রে এটিই প্রথম ক্রিকেট সিরিজ যেখানে দু'টি টেস্ট খেলুড়ে দেশ অংশ নিতে যাচ্ছে।
আগামী ২০-২৩ মে ফ্লোরিডায় নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার এ সিরিজটি হবে।
খেলাগুলো হবে মিয়ামি থেকে প্রায় ৩০ মাইল দূরে লডারহিলে সেন্ট্রাল ব্রওয়ার্ড কাউন্টি রিজিওনাল পার্ক ক্রিকেট স্টেডিয়ামে।
২০ হাজার দর্শক ধারণে সক্ষম এ স্টেডিয়ামটি যুক্তরাষ্ট্রে আইসিসির অনুমোদিত একমাত্র ক্রিকেট স্টেডিয়াম।
যুক্তরাষ্ট্র ক্রিকেটের প্রধান নির্বাহী ডন লকারবি বলেন, তাদের দেশে প্রায় ১৫ মিলিয়ন ক্রিকেট অনুরাগী রয়েছে। তাই ক্রিকেটকে মেলে ধরতে হলে বিশ্বের সেরা দলগুলোর সেখানে (যুক্তরাষ্ট্রে) খেলতে যাওয়া উচিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এএইচএস/২০২০ ঘ.
bdnews24