ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় সেমিফাইনালে ডেকান চার্জার্সকে পেছনে ফেলে ফাইনালে উঠেছে চেন্নাই সুপার কিংস। পেসার ডোগ বোলিঙ্গারের দুর্দান্ত বোলিংয়ে ডেকানের বিপক্ষে ৩৮ রানের জয় তুলে নেয় মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই।
বোলারদের প্রাধান্যের খেলায় আগে ব্যাট করা চেন্নাই নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৪২ রান করে। সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০৪ রানেই গুটিয়ে যায় ডেকান চার্জার্স।
মুম্বাইয়ের ড. ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়া চেন্নাইয়ের সূচনাটা ভাল হয়নি। ইনিংসের শুরুতেই আঘাত হানেন ডেকান পেসার রায়ান হ্যারিস। মাত্র ২৫ রানেই তুলে নেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান ম্যাথু হেইডেন (৮) ও মুরালি বিজয়কে (১৫)। দলের স্কোরে আর চার রান যোগ হতেই ফিরে যান সুরেশ রায়না (২)।
বিপর্যস্ত চেন্নাইকে টেনে তুলতে চেস্টা করেন সুব্রানিয়াম বদ্রিনাথ ও ধোনি। কিন্তু ডেকান বোলার- ফিল্ডারদের থেকে বেশী সুবিধা নিতে পারেননি তারাও। বদ্রিনাথের ব্যাট থেকে আসে ৩৭ রান। অধিনায়ক ধোনি করেন ৩০। তবে শেষদিকে শ্রীকান্ত অনিরুদ্ধের ১৫ বলে করা ২৪ রানের সুবাদে লড়াই করার মত পুঁজি সংগ্রহ করে চেন্নাই।
হ্যারিস ২৯ রানে তিন উইকেট নিয়ে চেন্নাই ইনিংসে ধস নামান। এছাড়া প্রজ্ঞান ওঝা, হারপ্রিত সিং ও অ্যান্ড্রু সাইমন্ডস একটি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে বোলিঙ্গারের মারাত্মক বোলিংয়ের সামনে ডেকানের কোনো ব্যাটসম্যানই সুবিধা করতে না পারায় সহজ লক্ষ্যেই পৌঁছাতে ব্যর্থ হয় ডেকান চার্জার্স।
সর্বোচ্চ ২৩ রান করেন সাইমন্ডস। এছাড়া হার্শেল গিবস ১৮ ও বোদাপতি সুমন্থ ১৬ রান করেন।
বোলিঙ্গার ১৩ রানে চার উইকেট নিয়ে ডেকানকে খাদে ফেলেন। এছাড়া শাদাব জাকাতি দু'টি উইকেট পান।
চেন্নাইকে অসাধারণ জয় এনে দেওয়ায় ম্যাচ সেরা বিবেচিত হন ডোগ বোলিঙ্গার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/ ০০২০ ঘ.
bdnews24