ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সেমিফাইনালকে সামনে রেখে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে।
সেমিফাইনাল দু'টি হওয়ার কথা ছিল ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামে। কিন্তু স্টেডিয়ামের ঠিক বাইরে বোমা বিস্ফোরণের কারণে খেলা সরিয়ে নেয়া হয় মুম্বাইয়ে।
পুলিশ জানিয়েছে, কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। প্রত্যেক দর্শককেই তল্লাশি করা হবে বলে তারা জানায়।
মুম্বাই পুলিশ প্রধান এএন রায় এ ব্যাপারে সাংবাদিকদের বলেন, "আমরা সব ধরণের সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি। তল্লাশি করা হবে প্রত্যেক দর্শককে।"
দুই হাজারেরও বেশি পুলিশ ও কমান্ডো এবং এক হাজার বেসরকারী নিরাপত্তা রক্ষী স্টেডিয়ামে মোতায়েন করা হয়েছে। বসানো হয়েছে ৬০টি মেটাল ডিটেক্টর। ক্লোজ সার্কিট ক্যামেরার 'চোখ' থাকবে স্টেডিয়ামের সবখানে।
অপর সেমিফাইনালও হবে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে, বৃহস্পতিবার। ফাইনালও হবে সেখানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/
bdnews24