২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কঠোর প্রশিক্ষণের খেসারত দিচ্ছে পাকিস্তান

টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে কঠোর প্রশিক্ষণের খেসারত দিচ্ছে এখন পাকিস্তান ক্রিকেট দল। চোট পাওয়ায় এরই মধ্যে দল থেকে দর্শকের কাতারে চলে গেছেন উমর গুল ও ইয়াসির আরাফাত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2010, 11:50 AM

Updated : 24 Aug 2022, 08:35 PM

ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে কঠোর প্রশিক্ষণের খেসারত দিচ্ছে এখন পাকিস্তান ক্রিকেট দল। চোট পাওয়ায় এরই মধ্যে দল থেকে দর্শকের কাতারে চলে গেছেন উমর গুল ও ইয়াসির আরাফাত। তাদের বদলে দলে ডাকা হয়েছে ফাস্ট বোলার মোহাম্মদ সামি ও মোহাম্মদ ইরফানকে। অধিনায়ক শহিদ আফ্রিদি, ওয়াকার ইউনিস ও প্রধান নির্বাচক মোহসিন খান এই ঘোষণা দিয়েছেন। তবে এ ব্যাপারে এখনো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান ইজাজ বাটের অনুমোদনের প্রয়োজন রয়েছে। পায়ে চোট পাওয়ায় কয়েকদিন আগে থেকেই আরাফাত বিশ্রামে রয়েছেন। তবে আশা করা হচ্ছিল যে কাঁধের চোট থেকে সেরে উঠবেন উমর গুল। কিন্তু চিকিৎসকরা বলছেন, তার সেরে ওঠার সম্ভাবনা খুব একটা নেই। এরই মধ্যে অধিনায়ক, কোচ ও প্রধান নির্বাচক জানিয়ে দিয়েছেন, খেলার মতো পুরোপুরি সুস্থ ক্রিকেটার ছাড়া কাউকে দলে রাখা হবে না। এ প্রসঙ্গে প্রধান নির্বাচক মোহসিন খান বলেন, "খেলার মতো পুরো সুস্থ নয়, এমন কোনো খেলোয়াড়কে মাঠে নামাতে চাই না।" তাদের বদলে মোহাম্মদ সামি ও মোহাম্মদ ইরফানের নাম প্রস্তাব করা হয়েছে। ফিল্ডিং শক্তিশালী করে তোলার জন্য কঠোর প্রশিক্ষণ নিচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। দেখভাল করছেন নতুন কোচ ওয়াকার ইউনিস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭২৫ ঘ.