ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বল বিকৃত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ ওয়াসিম আকরাম। এর ফলে ইনিংসের শেষের দিকে বল দেখতে অসুবিধা হচ্ছে ব্যাটসম্যানদের।
পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার ওয়সিম আকরাম বলেন, ফ্লাড লাইট জ্বালানোর পর মুম্বাই, রাজস্থান ও আহমেদাবাদে বোলাররা লাল মাটি ব্যবহার করে বলের রং পাল্টিয়ে ফেলতে তিনি দেখেছেন। এর ফলে রান তোলার হার বাড়ানোর সময় বল দেখতে অসুবিধা হচ্ছে ব্যাটসম্যানদের।
"আমি কারো নাম বলতে চাই না। কিন্তু কয়েকজন ক্রিকেটারকে লাল মাটি ব্যবহার করে বলের রং পাল্টিয়ে ফেলতে আমি দেখেছি,"বলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক, "মুম্বাই, আহমেদাবাদ কিংবা রাজস্থানে ১৮তম ওভারের পর ব্যাটসম্যানদের বেঁধে রাখা কিংবা উইকেট পাওয়ার জন্য লাল মাটি দিয়ে বলের রং পাল্টিয়ে ফেলা হচ্ছে।" এই তিনটি জায়গার মাটি লাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৯২২ ঘ.
bdnews24