ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডেসটিনি গ্রুপ ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে শুভ সূচনা করেছে রাজশাহী রেঞ্জার্স। রোববার উদ্বোধনী ম্যাচে রাজশাহী রেঞ্জার্স ছয় উইকেটে হারিয়েছে সাইক্লোনস অব চিটাগংকে।
প্রথমে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ১৩২ রান করে সাইক্লোনস, ১৯.৩ ওভারে। জবাবে ১৭ বল হাতে রেখেই লক্ষে পৌঁছায় রাজশাহী, তখনো হাতে ছয় উইকেট।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ঝড়ো গতিতেই রান তুলতে শুরু করেছিল দেশী-বিদেশি তারকা ক্রিকেটার নিয়ে গড়া সাইক্লোনস অব চিটাগং। উদ্বোধনী ব্যাটসম্যান উত্তম সরকার ও অধিনায়ক নাফিস ইকবালের মারমুখি ব্যাটিংয়ে বড় সংগ্রহের দিকেই যাচ্ছিল চট্টগ্রামের ইনিংস।
কিন্তু ভালো ফিল্ডিং ও স্পিনারদের নৈপূণ্যে ঘুরে দাঁড়ায় খালেদ মাসুদ পাইলটের নেতৃত্বাধীন রাজশাহী রেঞ্জার্স। মুক্তার আলি, নাদিফ চৌধুরি ও সোহরাওয়ার্দী শুভর দুর্দান্ত বোলিংয়ে তিন বল বাকি থাকতেই সবকটি উইকেট হারায় চট্টগ্রাম।
উত্তম চারটি চার ও তিন ছয়ের সাহায্যে ৫১ রান করেন, ২৯ বল খেলে। এছাড়া নাফিস ২৫ ও তামিম ইকবাল ১৪ রান করেন।
মুক্তার ২২ রানে নেন তিনটি উইকেট। এছাড়া নাদিফ, শুভ ও শফিউল প্রত্যেকেই দু'জন করে ব্যাটসম্যানকে সাজঘরে ফেরত পাঠান।
জবাবে নাঈম ইসলামের অপরাজিত অর্ধশতক এবং উদ্বোধনী ব্যাটসম্যান অ্যাইডেন ব্লিজার্ড ও জুনায়েদ সিদ্দিকীর ব্যাটিংয়ে সহজ জয় তুলে নেয় রাজশাহী রেঞ্জার্স।
আটটি চারের সাহায্যে ৩৭ বল খেলে ৫৬ রান করেন নাঈম। এছাড়া ব্লিজার্ড ২৫ ও জুনায়েদ করেন ২২ রান। এনামূল হক জুনিয়র, শরিফুল্লাহ ও ফয়সাল হোসেন প্রত্যেকে নেন একটি করে উইকেট ।
ম্যান সেরা বিবেচিত হন রাজশাহী রেঞ্জার্সের মুক্তার আলি।
এর আগে প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০ ওভারের প্রতিযোগিতার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আহম মুস্তফা কামাল ও টুর্নামেন্ট স্পন্সর ডেসটিনি গ্র"পের ভাইস চেয়ারম্যান গফরানুল হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/১১৫৫ ঘ.
bdnews24