২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাঙ্গালোরের বিপক্ষে ডেকানের জয়

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ডেকান চার্জার্স ৭ উইকেটে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2010, 09:30 AM

Updated : 24 Aug 2022, 08:19 PM

ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ডেকান চার্জার্স ৭ উইকেটে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। জেতার জন্য ব্যাঙ্গালোরের বেঁধে দেয়া ১৮৫ রান টপকে ডেকান ১৮৬ তে পৌঁছে যায় তিন উইকেটে। তখনো হাতে ছিল চার বল। ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামে ৪০তম ম্যাচে বৃহস্পতিবার টস জিতে ডেকান ব্যাটিংয়ে পাঠায় ব্যাঙ্গালোরকে। নির্ধারিত ২০ ওভারে ১৮৪ রান করে, ৬ উইকেটে। অনিল কুম্বলের দল ব্যাঙ্গালোরের পক্ষে জ্যাক ক্যালিস ৪৪ বলে ৬৮ ও বিরাট কোহলি ৩৫ বলে ৫৮ রান করেন। দু'টি করে উইকেট নেন প্রজ্ঞান ওঝা ও রায়ান হ্যারিস। এজন্য ওঝা খরচ করেন ২৪ রান। হ্যারিস দেন ৩৭। জয়ের লক্ষ্য তাড়া করতে গিয়ে ডেকানের অধিনায়ক সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট করেন ৩২। খেলেছেন ১৯ বল। তবে দলের পক্ষে সবচেয়ে বেশি ৭৮ রান করে অপরাজিত ছিলেন তিরুমালাসেত্তি সুমন। এছাড়া অ্যান্ড্রু সাইমন্ডস খেলেন ৫৩ রানের হার না মানা একটি ইনিংস। একটি করে উইকেট নেন প্রাভিন কুমার, কুম্বলে ও বিনয় কুমার। এ জন্য প্রাভিনের খরচ হয় ৩৭ রান, কুম্বলে দেন ৩৮ ও বিনয় কুমার ৩৯। ম্যাচ সেরা হন ডেকানের তিরুমালাসেত্তি সুমন। ডেকান চার্জার্স ১০ খেলায় ৮ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে। হার মানলেও সেমিফাইনালের দৌড়ে এখনো টিকে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সমান খেলায় দলটির পয়েন্ট ১০। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৩০৫ ঘ.