২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতার কাছে দিল্লির হার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বুধবার শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স ১৪ রানে হারিয়েছে দিল্লি ডেয়ারডেভিলসকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2010, 08:37 AM

Updated : 24 Aug 2022, 08:18 PM

ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বুধবার শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স ১৪ রানে হারিয়েছে দিল্লি ডেয়ারডেভিলসকে। কলকাতা প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে তোলে ১৮১ রান, ৩ উইকেটে। জেতার জন্য ১৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দিল্লির ইনিংস থেমে যায় ৮ উইকেটে ১৬৭ রানে। ইডেন গার্ডেনে টস জিতে ব্যাটিংয়ে নেমে কলকাতার দুই উদ্বোধনী ব্যাটসম্যান সৌরভ গাঙ্গুলী ও ক্রিস গেইল ৯৪ রানের একটি শক্তিশালী ভিত্তি গড়ে তোলে। গাঙ্গুলী করেন ৪৬ বলে ৫৬। গেইল ৪০ রান করেন ২১ বলে। এছাড়া মনোজ তিওয়ারি ২৬ ও অ্যাঞ্জেলো ম্যাথিউস ৪৬ রানে ছিলেন অপরাজিত। ড্যানিয়েল ভেট্টোরি ও ভাটিয়া নেন একটি করে উইকেট। এজন্য দু'জনই রান দেন ৩০ করে। অপর ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হন। জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই শূন্য রানে ডেভিড ওয়ার্নারের উইকেটটি হারালেও বীরেন্দর শেবাগ ও গৌতম গম্ভির দলকে তা বুঝতে দেননি। কেননা ৯৯ রান যোগ করেন তারা। গম্ভির ২৯ বলে ৪৭ রান করেন। চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে শেবাগ করেন ৬৪। এরপরই ছন্দপতন ঘটে ইনিংসের। দিনেশ কার্তিক ছাড়া আর কোনো ব্যাটসম্যান ২০-এর কোঠায় পৌঁছতে পারেননি। দুটি করে উইকেট নেন এবি দিন্দা ও অজন্তা মেন্ডিস। এজন্য দিন্দার খরচ হয় ২১ রান, মেন্ডিস দেন ২২। ম্যাচ সেরা হন সৌরভ গাঙ্গুলী (কলকাতা নাইট রাইডার্স)। দিল্লি ডেয়ারডেভিলস ১০ খেলায় ১২ পয়েন্ট দ্বিতীয় স্থানে রয়েছে। সমান খেলায় কলকাতার পয়েন্ট ১০। দলটি আছে ৬ নম্বরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৬২৭ ঘ.