নয়া দিল্লি, এপ্রিল ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝড় তুলতেই ভালবাসেন বীরেন্দর শেবাগ। আর সেই আক্রমনাত্মক খেলার ধরন পাল্টাতে তিনি মোটেও রাজি নন বলে জানিয়ে দিয়েছেন।
শেবাগ দ্য হিন্দুকে বলেন, "আমার খেলার ধরনই আমার শক্তি। এটাই আমার স্বভাবসুলভ খেলা। ঠিক এভাবেই আমি খেলছি এবং বেশির ভাগ রানও করেছি এভাবে খেলেই। শট বাছাইয়ের ব্যাপারে আমার মধ্যে পরিপক্কতা এসেছে। কিন্তু আমার খেলার ধরন আমি বদলাবো না। আমি বল নষ্ট করার নীতিতে বিশ্বাসী নই।"
যে সব ভারতীয় অধিনায়কের নেতৃত্বে শেবাগ খেলেছেন তিনি তাদের ধন্যবাদ জানান। বলেন, "আমি ভাগ্যবান । কারণ আমার সব অধিনায়ক (সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে ও মহেন্দ্র সিং ধোনি) আমাকে উৎসাহ দিয়েছেন। দলে রাখার ওপর সব সময় জোর দিয়েছেন এবং এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।"
টেস্টে শেবাগের রান তোলার হার ৮০.৮৭। এক দিনের আন্তর্জাতিক ম্যাচে ১০৩.৫১।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৮৫৩ ঘ.
bdnews24