২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কঠোর প্রশিক্ষণে আহত কয়েকজন

টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ফিল্ডিংয়ের উন্নয়নে কঠোর প্রশিক্ষণ নিচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। আর এতে আহত হয়েছেন কয়েকজন ক্রিকেটার। কিন্তু অধিনায়ক শহিদ আফ্রিদি বলছেন, মারাত্মকভাবে আহত কেউ হননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2010, 11:37 AM

Updated : 24 Aug 2022, 08:13 PM

লাহোর, এপ্রিল ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ফিল্ডিংয়ের উন্নয়নে কঠোর প্রশিক্ষণ নিচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। আর এতে আহত হয়েছেন কয়েকজন ক্রিকেটার। কিন্তু অধিনায়ক শহিদ আফ্রিদি বলছেন, মারাত্মকভাবে আহত কেউ হননি। আফ্রিদি দ্য নিউজকে বলেন, "কিছু 'ফিটনেস' সমস্যা দেখা দিয়েছে।" একে স্বাভাবিক বলে অভিহিত করে বলেন, "কেননা কঠোর প্রশিক্ষণ চলছে। আমি নিশ্চিত যে এতে আমাদের ফিল্ডিংয়ের উন্নতি হবে।" নয়া কোচ ওয়াকার ইউনিস জাতীয় ক্রিকেট একাডেমিতে দলের সদস্যদের কঠোর প্রশিক্ষণে ব্যস্ত রেখেছেন। লক্ষ্য একটাই-ফিল্ডিংয়ের উন্নয়ন। তবে এত কঠোর প্রশিক্ষণের ধাক্কা সামাল দিতে পারেননি কয়েকজন। গত সপ্তাহে আঙ্গুলে আঘাত পান আফ্রিদি। উমর গুল আঘাত পান কাঁধে, ইয়াসির আরাফাত হাঁটুতে। আহতদের তালিকায় যুক্ত হয়েছেন ফাওয়াদ আলমও। তবে আফ্রিদি নিশ্চিত যে বিশ্বকাপ শুরুর আগেই তারা সবাই সেরে উঠবেন। বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে ৩০ এপ্রিল, ওয়েস্ট ইন্ডিজে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭২০ ঘ.