২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলিংউড-ঝড়ে দিল্লির জয়

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ডেয়ারডেভিলস ৩৭ রানে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2010, 10:09 AM

Updated : 24 Aug 2022, 08:12 PM

নয়া দিল্লি, এপ্রিল ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ডেয়ারডেভিলস ৩৭ রানে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। ফিরোজ শাহ কোটলায় ৩৫তম ম্যাচে রোববার রাতে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে গৌতম গম্ভিরের দল দিল্লি ডেয়ারডেভিলস সংগ্রহ করে ১৮৪ রান, ৫ উইকেটে। জয়ের জন্য ১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অনিল কুম্বলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ইনিংস থেমে যায় ৯ উইকেটে ১৪৭ রানে। উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ২২ বলে ৩৩ রান করে অনিল কুম্বলের বলে বিরাট কোহলির হাতে ধরা পড়েন। অপর উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দর শেবাগ করেন ৩৫। তিনিও খেলেন ২২ বল। পল কলিংউড করেন ৪৬ বলে হার না মানা ৭৫। তিনি দড়ির ওপারে বল পাঠান তিনবার। এছাড়া হাওয়ায় ভাসিয়ে সাতবার। ড্যানিয়েল ভেট্টোরি ১৯ রানে অপরাজিত ছিলেন, খেলেন ১৭ বল। একটি করে উইকেট নেন অনিল কুম্বলে, কেপি আপানা ও এ মিঠুন। এজন্য কুম্বলের খরচ হয় ৩৩ রান। মিঠুন দেন ৩৯, আপানা ২৪। জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে রান তোলার গতিতে পিছিয়ে পড়ে ব্যাঙ্গালোর। ১১৮ রানের মাথায় পঞ্চম ব্যাটসম্যান হিসেবে জ্যাক ক্যালিসের বিদায়ের পর ব্যাঙ্গালোরের ইনিংস পথ হারিয়ে ফেলে। উইকেট পড়তে থাকে কিছুক্ষণ পরপর। দলের রানের সঙ্গে আর মাত্র ২৭ রান যোগ হতেই ফিরে যান বাকি পাঁচ ব্যাটসম্যান। দলের পক্ষে সব চেয়ে বেশি রানও করেন ক্যালিস, ৪২ বলে ৫৪। এছাড়া ২২ রান করেন রস টেলর। আর কোনো ব্যাটসম্যান ২০-এর কোঠা পার হতে পারেনি। দিল্লির পক্ষে তিনটি করে উইকেট নেন প্রদীপ সাংওয়ান ও অমিত মিশ্র। এজন্য সাংওয়ানের খরচ হয় ২২ রান। অমিত মিশ্র দেন ৩২। ম্যাচ সেরা হন কলিংউড (দিল্লি ডেয়ারডেভিলস)। দিল্লি ডেয়ারডেভিলস ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১৩৪০ ঘ.