দিল্লি, এপ্রিল ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৩৫তম ম্যাচে রবিবার রাতে দিল্লি ডেয়ারডেভিলস ৩৭ রানে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে।
মুম্বাইয়ের ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে গৌতম গাম্ভীরের দল দিল্লি ডেয়ারডেভিলস সংগ্রহ করে ১৮৪ রান, ৫ উইকেট হারিয়ে। জয়ের জন্য ১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অনিল কুম্বলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ইনিংস থেমে যায় ১৪৭ রানে, এক উইকেট হাতে থাকতেই।
ডেভিড ওয়ার্নার ২২ বল খেলে ৩৩ রানে অনিল কুম্বলের বলে ক্যাচ তুলে দেন ভিরাত কোহলির হাতে। ভিরেন্দর শেবাগ ৩৫ রান (২২ বল ) সংগ্রহ করলে অভিমানয়ু মিঠুন তার উইকেট ভেঙ্গে দেন।
পল কোলিংউড খেলেন হার না মানা ৭৫ রানের ইনিংস, ৪৬ বল খরচ করে। তিনি ৭ বার বল হাওয়ায় ভাসিয়ে দর্শকের কাছে পাঠান। সাথে ছিল ৩টি চারের মার। ড্যানিয়েল ভেট্টোরি ১৭ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন।
কেপি আপ্পান্না ২৪ রান , অনিল কুম্বলে ৩৩ রান ও অভিমানয়ু মিঠুন ৩৯ রান দিয়ে ১ টি করে উইকেট লাভ করেন।
ব্যাঙ্গালোরের রজ টেইলর ১০ বলে ২২ রান করে রজত ভাটিয়ার বলে এলবিডব্লিউ এর ফাঁদে পড়ে সাজঘরে ফিরে যান। কেভিন পিটারসেনের উইকেট উপড়ে দেন প্রদীপ সাঙওয়ান ব্যক্তিগত ১৬ রানের মাথায়। সব চেয়ে বেশি রান করেন জ্যাক ক্যালিস। তিনি ৫৪ রান করে তার উইকেট সপে দেন পল কোলিংউডের হাতে।
প্রদীপ সাঙওয়ান ২২ রান এবং অমিত মিশ্র ৩২ রান দিয়ে ৩ টি করে উইকেট শিকার করেন।
ম্যাচ সেরা হন পল কোলিংউড (দিল্লি ডেয়ারডেভিলস)।
৯ ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলস ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১৩৪০ ঘ.
bdnews24