২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়াবর্ধনের শতকে ধরাশায়ী কলকাতা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রোববার মাহেলা জয়াবর্ধনের শতকে পয়েন্ট তালিকার তলানীতে থাকা কিংস ইলেভেন পাঞ্জাব ৮ উইকেটে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2010, 02:58 PM

Updated : 24 Aug 2022, 08:09 PM

ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রোববার মাহেলা জয়াবর্ধনের শতকে পয়েন্ট তালিকার তলানীতে থাকা কিংস ইলেভেন পাঞ্জাব ৮ উইকেটে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৩ উইকেটে ২০০ রান তোলে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। জবাবে ১০ বল হাতে রেখেই গন্তব্যে পৌঁছে যায় প্রীতি জিনতার কিংস ইলেভেন পাঞ্জাব। ইডেন গার্ডেনে টস জিতে ব্যাট করতে নেমে রাইডার্সের দুই উদ্বোধনী ব্যাটসম্যান সৌরভ গাঙ্গুলী ও ক্রিস গেইল সূচনাটা মন্দ করেননি। উভয়ই মেরে খেলতে থাকেন পাঞ্জাব বোলারদের। ব্যক্তিগত ৩৬ রানে বোলার রবি বোপারার হাতে ধরা পড়ে ফিরে যান গাঙ্গুলী। দলের রান তখন ৫৬ । কিন্তু থেমে যায়নি কলকাতার রান তোলার গতি। একাই বোলারদের ওপর তান্ডব চালিয়ে যান গেইল। দলীয় ১৫৭ রানে জোয়ান থিরন বলে বোপারার হাতে ক্যাচ দিয়ে গেইল বিদায় নিলে কিছুটা স্বস্তি পায় পাঞ্জাব। গেইল ৪২ বলে ৬ চার ও ৮ ছয়ের সাহায্যে করেন ৮৮ রান। এরপর আউট হন মনোজ তিওয়ারি ৩৫ রানে। কিন্তু ততোক্ষণে স্বাগতিকরা গড়ে তোলে বড় স্কোর। একটি করে উইকেট নেন পাঠান, থিরন ও বোপারা। ২০১ রানের তাড়া করতে নেমে শুরুটা ভালই করে প্রীতির দল। দুই উদ্বোধনী ব্যাটসম্যান মানবিন্দর বিসলা ও মাহেলা জয়াবর্ধনের জুটিতে ভাঙ্গন ধরে ৫১ রানে, মুরালি কার্তিকের বলে সরাসরি বোল্ড হয়ে সাজঘরে ফেরেন বিসলা (১৮)। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে জয়াবর্ধনের সঙ্গে যোগ দেন অধিনায়ক সাঙ্গাকারা। শেন বন্ডের বলে ডেভিড হাসির তালুবন্দি হওয়ার আগে সাঙ্গাকারা করেন ৩৮ রান। তবে অন্যপ্রান্ত আঁকড়ে ধরে জয়ের আশা জিইয়ে রাখেন উদ্বোধনী ব্যাটসম্যান জয়াবর্ধনে। ১৪ চার ও ৩ ছয়ের সাহায্যে অপরাজিত ১১০ রান করে দলকে দ্বিতীয় জয় উপহার দেন মাহেলা। এছাড়া ৩৩ রানে অপরাজিত ছিলেন যুবরাজ সিং। কলকাতার পক্ষে একটি করে নেন বন্ড ও কার্তিক। ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন মাহেলা জয়াবর্ধনে। ৯ ম্যাচে কলকাতার পয়েন্ট ৮। সমান ম্যাচে পাঞ্জাবের সংগ্রহ ৪। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/এএইচএস/২০৩০ ঘ.