পাঞ্জাব, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড় সংগ্রহের পরও আবার হেরেছে প্রীতি জিনতার দল কিংস ইলেভেন পাঞ্জাব।
আইপিএলে শুক্রবারের একমাত্র খেলায় কেভিন পিটারসেনের ব্যাটিং নৈপুণ্যে ৬ উইকেটে জয় পায় রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮১ রান করে পাঞ্জাব। জবাবে মাত্র ৪ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ব্যাঙ্গালুরু, ৫ বল বাকি হাতে রেখেই।
পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের এ খেলায় অধিনায়ক কুমার সাঙ্গাকারার ২৭ বলে ৪৫, রবি বোপারার ৩৩ বলে অপরাজিত ৪২, যুবরাজ সিং এর ২০ বলে ৩৬ এবং ইরফান পাঠানের ৫ বলে ১৬ রানের সুবাদে বড় সংগ্রহ গড়ে পাঞ্জাব।
১৮২ রানের জয়ের লক্ষ্যে নেমে ২৮ রানে শ্রীবাস্তবের বলে জ্যাক ক্যালিস আউট হয়ে গেলেও পিটারসেনের দুর্দান্ত ব্যাটিংয়ে জয় তুলে নেয় ব্যাঙ্গালুরু। ৪৪ বলে অপরাজিত ৬৬ রান তুলে ম্যাচ সেরা হয়েছেন তিনি।
এছাড়া বিরাট কোহলি ২৬ বলে ৪২ ও রবিন উথাপ্পা ৮ বলে ২২ রান করেন। তবে পাঞ্জাবের খেলোয়াড়দের বারবার ক্যাচ ফেলে দেওয়া ব্যাঙ্গালুরুর জয়ে অনেকটা ভূমিকা রেখেছে।
এ জয়ের ফলে ৮ খেলায় ১০ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্যাঙ্গালুরু। সমান সংখ্যক খেলায় ২ পয়েন্ট নিয়ে তলানিতে কিংস ইলেভেন পাঞ্জাব। ৭ খেলায় ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শচীন টেন্ডুলকারের মুম্বাই ইন্ডিয়ান্স।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমআই/১০৫০ ঘ.
bdnews24