চেন্নাই, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বুধবার মহেন্দ্র সিং ধোনীর দল চেন্নাই সুপার কিংস ৫ উইকেটে হারিয়েছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৬১ রান তোলে ব্যাঙ্গালোর। জয়ের লক্ষ্য ১৬২ রানে পৌছে যায় চেন্নাই ৫ উইকেটে। তখনো হাতে ছিল এক ওভার।
চেন্নাইয়ের চিদাম্বরাম স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং বেছে নেন ধোনি। ব্যাঙ্গালোরের উদ্বোধনী ব্যাটসম্যান মনিষ পান্ডে মোটেও সুবিধা করতে পারেননি। মাত্র ৫ রান করে থিলান থুসারার বলে ধোনির হাতে ধরা পড়েন।
তবে অন্য প্রান্তে মেরে খেলতে থাকেন অপর উদ্বোধনী ব্যাটসম্যান জ্যাক ক্যালিস। ৪৯ বলে রান করেন ৫২। দড়ির ওপারে বল পাঠান সাতবার।
এছাড়া রবিন উথাপা ২১ ও বিরাট কোহলি ৩৪ রান করেন। কেভিন পিটারসেন ২৩ ও ক্যামেরোন হোয়াইট ২১ রানে অপরাজিত থাকেন।
শাদাব জাকাতি দুই উইকেট নেন ১৭ রানে।
জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী ব্যাটসম্যান মুরালি বিজয় ৭৮ রান করেন, ৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে। মূলত তার এই ইনিংসই সহজ জয়ের ভিত্তি গড়ে দেয়।
এছাড়া সুরেশ রাইনা অপরাজিত ৪৪ রান করেন। চার মেরেছেন চারটি, ছক্কা একটি।
একটি করে উইকেট নেন ডেল স্টেইন, অধিনায়ক অনিল কুম্বলে, ক্যালিস, পিটারসেন ও বিনয় কুমার।
ম্যাচ সেরা হন মুরালি বিজয় (চেন্নাই)।
আট খেলায় চেন্নাই সুপার কিংসের পয়েন্ট ৬ (পঞ্চম)। এক ম্যাচ কম খেলে রয়্যাল চ্যালেঞ্জার্সের সংগ্রহ ৮ (দ্বিতীয়)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/সিজি/টিআর/২১১৩ ঘ.
bdnews24