হ্যামিল্টন, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রান্স-তাসমান টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে জয়ের সুবাস পাচ্ছে সফরকারী অস্ট্রেলিয়া। চতুর্থদিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ১৮৫ রান। জয়ের জন্য শেষ দিনে তাদেরকে আরো ২৯৪ রান করতে হবে। হাতে রয়েছে ৫ উইকেট।
২৯ রানে ব্যাট করছেন মার্টিন গুপটিল। সঙ্গে আছেন ব্রেন্ডন ম্যাককালাম ১৯ রানে।
চতুর্থদিনে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ৮ উইকেটে ৫১১ রানে ইনিংস ঘোষণা করে। প্রথম ইনিংসে ২৩১ রানে গুটিয়ে যায় সফরকারীরা।
সেডন পার্কে আগের দিনের ৪ উইকেটে ৩৩৩ রান নিয়ে চতুর্থদিনে ব্যাট করতে নামেন অস্ট্রেলিয়ার দুই অপরাজিত ব্যাটসম্যান মাইকেল ক্লার্ক ও মার্কাস নর্থ। মধ্যাহ্ন বিরতির আগে দলের সঙ্গে ১৭৮ রান যোগ করে চার ব্যাটসম্যান ফিরে গেলে ইনিংস ঘোষণা করেন অসি অধিনায়ক রিকি পন্টিং।
মাইকেল ক্লার্ক ব্যক্তিগত ৬৩ রানে ব্রেন্ট আর্নেলের এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন। ১১ চারের সাহায্যে তিনি এ রান করেন। দলের রান তখন ৩৮৯।
ড্যানিয়েল ভেট্টোরির বলে ম্যাককালামের তাুলবন্দি হন নর্থ। ১৯৩ বলে ১৬ চার ও এক ছয়ের সাহায্যে ৯০ রান করেন তিনি। শূন্য রানে ভেট্টোরির বলে জিতেন প্যাটেলের হাতে ক্যাচ দিয়ে তার সঙ্গী হন মিশেল জনসন।
দলের ৪৫৩ রানের মাথায় প্যাটেলের বলে সরাসরি বোল্ড হয়ে আউট হন ব্রাড হাডিন (৪৮)। দুই অপরাজিত ব্যাটসম্যান নাথান হরিটজ ৪১ ও রায়ান হ্যারিস করেন ১৮ রান।
আর্নেল তিনটি উইকেট নেন, ৭৭ রানে। দু'টি করে উইকেটন নেন টিম সুথি ও ভেট্টোরি। এজন্য সুথি দেন ৮৯ ও ভেট্টোরি খরচ করেন ১৪০ রান। এছাড়া একটি উইকেট পান প্যাটেল।
দ্বিতীয়বার ব্যাট করতে নামেন নিউজিল্যান্ডের দুই উদ্বোধনী ব্যাটসম্যান বিজে ওয়াটলিং ও টিম ম্যাকইন্টোশ। শুরুটা ভাল হয়নি কিউইদের। দলীয় ৪০ রানে মিশেল জনসনের বলে সরাসরি বোল্ড হয়ে ফিরে যান ম্যাকিন্টোশ ব্যক্তিগত ১৯ রানে।
অন্য উদ্বোধনী ব্যাটসম্যান ওয়াটলিং জনসনের বলে হাডিনের হাতে ধরা পড়ে সাজঘরে ফেরেন মাত্র ২৪ রানে। এরপর জনসনের বলে রস টেলরও তালুবন্দি হন হাডিনের হাতে ব্যক্তিগত ২২ রানে। ক্লার্কের এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে ফিরে যান ম্যাথু সিনক্লিয়ার (২৯)।
কিউইদের এই ব্যাটিং বিপর্যয়ে অধিনায়ক ভেট্টোরিও তেমন সুবিধা করতে পারেননি অসি বোলারদের কৌশলী বোলিংয়ের সামনে। দলের ১৫২ রানে নাথান হরিটজের বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে তিনিও আউট হন ২২ রানে।
জনসন তিনটি উইকেট নেন ৩৯ রান দিয়ে। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন ক্লার্ক ও হরিটজ।
দুই টেস্টের সিরিজে ১-০ তে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/এএইচএস/১৯৫৫ ঘ.
bdnews24