২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিছিয়ে পড়েও লাগাম অস্ট্রেলিয়ার হাতে

পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত দ্বিতীয় টেস্টের লাগাম হাতে তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দফায় সাইমন ক্যাটিচের শতকের ওপর ভর করে রান তুলেছে ৩৩৩, ৪ উইকেটে। ফলে নিউজিল্যান্ডের চেয়ে এগিয়ে গেছে ৩০০ রানে। হাতে আছে আরো ছয় উইকেট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2010, 11:23 AM

Updated : 24 Aug 2022, 07:59 PM

হ্যামিল্টন, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত দ্বিতীয় টেস্টের লাগাম হাতে তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দফায় সাইমন ক্যাটিচের শতকের ওপর ভর করে রান তুলেছে ৩৩৩, ৪ উইকেটে। ফলে নিউজিল্যান্ডের চেয়ে এগিয়ে গেছে ৩০০ রানে। হাতে আছে আরো ছয় উইকেট। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ২৩১ রানের জবাবে নিউজিল্যান্ড করে ২৬৪। এতে ৩৩ রানে এগিয়ে যায় কিউইরা। সেডন পার্কে দ্বিতীয় টেস্টের তৃতীয়দিন সোমবার বিনা উইকেটে ৩৫ রান নিয়ে দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। আগেরদিনের দুই অপরাজিত ব্যাটসম্যান শেন ওয়াটসন ও সাইমন ক্যাটিচ স্বচ্ছন্দের সঙ্গে খেলতে থাকেন। দলের সঙ্গে যোগ করেন আরো ৫০ রান। ৮৫ রানের মাথায় ওয়াটসন টিম সুথির বলে বিজে ওয়াটলিংয়ের হাতে ধরা পড়ে সাজঘরের পথ ধরার আগে আদায় করে নেন টেস্ট-জীবনের নবম অর্ধ-শতক। ১০৬ বল খেলে ৬৫ রান করেন তিনি। চার মেরেছেন ৯টি। ছক্কা দু'টি। অধিনায়ক রিকি পন্টিংয়ের দিনটি মোটেও ভালো যায়নি। দলের সঙ্গে মাত্র ৬ রান যুক্ত করে সুথির বলে ওই ওয়াটলিংয়ের হাতে ধরা পড়ে বিদায় নেন। এই ছয়টি রানই আসে তার ব্যাট থেকে। লেগ-স্ট্যাম্পের ওপর গুড-লেঙথ বলটিকে কব্জির মোচড়ে স্কয়ার-লেগের দিকে খেলেন। বল চলে যায় সরাসরি ফিল্ডারের কাছে। অথচ পন্টিংকে এভাবে আউট হতে সচরাচর দেখা যায় না। তাই বোলারের পাশাপাশি কৃতিত্ব দিতেই হয় অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরিকেও। ফাঁদটা ভালোই পেতেছিলেন তিনি। কিন্তু সাইমন ক্যাটিচ খেলে যেতে থাকেন ধীর-স্থিরভাবে। দিনের শেষ ব্যাটসম্যান হিসেবে ২৪৭ রানের মাথায় ১০৬ রান করে ব্রেন্ট আর্নেলের বলে উইকেটের পেছনে ব্রেন্ডন ম্যাককালামের হাতে ধরা পড়েন। স্ট্যাম্পের ওপর গুড-লেঙথ বলটি সামান্য আউট-সুইং করে বেরিয়ে যাওয়ার মুখে পুশ করেন ক্যাটিচ। বল তার ব্যাট ছুঁয়ে যায় উইকেটের পেছনে। ৩৪১ মিনিট উইকেটে থেকে ২৭৯ বলে রান করেন ১০৬। তিনি তার ইনিংসটি সাজান ১২টি চার দিয়ে। ক্যাটিচ টেস্ট জীবনের দশম শতকে পৌঁছান ২৬২ বলে। তখনো তার ইনিংসে চারের সংখ্যা ছিল ১২টি। এর আগে মাইক হাসিও আউট হন ঠিক একইভাবে, যেন 'কার্বন-কপি'। ঠিক এক রান আগে ২৪৬ রানের মাথায় মাইক হাসি আউট হওয়ার আগে টেস্ট-জীবনের ২০তম অর্ধ-শতক আদায় করে নেন। ১৬০ বলে ৮টি চারের সাহায্যে করেন ৬৭। উইকেটে আছেন মাইকেল ক্লার্ক ও মার্কাস নর্থ। দু'জনই অপরাজিত রয়েছেন ৪২ রানে। এরই মধ্যে দলের সঙ্গে যুক্ত করেছেন ৮৬ রান। সেই সঙ্গে সুসংহত করে তুলছেন দলের অবস্থানও। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে চারটি উইকেট ভাগাভাগি করে নেন টিম সুথি ও ব্রেন্ট আর্নেল। সুথি তার দুই উইকেটের জন্য খরচ করেন ৭৪ রান। কিন্তু তার চেয়ে অনেক কম রান দেন আর্নেল, মাত্র ৪৩। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি জিতে অস্ট্রেলিয়া ১-০ তে এগিয়ে আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৬৫৬ ঘ.