ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রোববার চেন্নাই সুপার কিংসকে ১৭ রানে হারিয়েছে রাজস্থান রয়্যালস। ফলে আইপিএলে টানা চতুর্থ জয় পেল শিল্পার দল।
রাজস্থানের দেয়া ১৭৮ রানের লক্ষ্যকে তাড়া করতে নেমে ছয় উইকেটে ১৬০ রানে যেতেই বল খরচ করে ফেলে চেন্নাই সুপার কিংস। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৭৭ রান তোলে রাজস্থান রয়্যালস।
আহমেদাবাদের সরদার প্যাটেল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে দুই উদ্বোধনী ব্যাটসম্যান মাইকেল লাম্ব ও নামান ওঝার ঝড়ো ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং স্কোর গড়ে তোলে শিল্পার দল। ওঝা ছয় চার ও পাঁচ ছক্কার সাহায্যে ৮০ রান করেন, ৪৯ বলে। লাম্ব ১৬ বলে ৩০ রান করেন।
অ্যালবি মর্কেল, থিলান তুষারা ও শাদাব জাকাতি দুইটি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ইউসুফ পাঠানের প্রতিরোধে পড়ে চেন্নাই। নিজের বলে উদ্বোধনী ব্যাটসম্যান ম্যাথু হেইডেনকে (১৯) ক্যাচের ফাঁদে ফেলেন ইউসুফ। দলীয় ৭৫ রানে ইউসুফ সরাসরি থ্রোতে তুলে নেন অপর উদ্বোধনী ব্যাটসম্যান মুরালি বিজয়ের উইকেটটিও।
এ ধাক্কা সামলে উঠতে ব্যর্থ হয় চেন্নাই। পরের ব্যাটসম্যানরা বোলারদের বিপক্ষে সুবিধা করতে না পারায় হার মানতে হয় চেন্নাই সুপার কিংসদের।
বিজয় দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন। এছাড়া মর্কেল ২৮ ও বদ্রিনাথ ২৫ রান করেন।
শন টেইট দুইটি উইকেট নেন। শেন ওয়ার্ন ও ইউসুফ পান একটি করে উইকেট ।
ম্যাচ সেরা বিবেচিত হন নামান ওঝা।
এ জয়ে সাত ম্যাচে রাজস্থানের সংগ্রহ আট পয়েন্ট। সমান ম্যাচে চেন্নাইয়ের সংগ্রহ চার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/১০১৫ ঘ.
bdnews24