করাচি, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় না জানানোর জন্য মিডল-অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফকে অনুরোধ করেছেন পাকিস্তান টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক শহীদ আফ্রিদি। সেই সঙ্গে ২০ ওভারের খেলায় শচীন টেন্ডুলকার ফিরতে অস্বীকার করায় স্বস্তির নিঃশ্বাসও ফেলেছেন তিনি।
বিশ্ব সেরা ব্যাটসম্যানদের অন্যতম শচীন টেন্ডুলকার ২০০৭ সালে টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিদায় নেন। কিন্তু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নজর কাড়া খেলা খেলছেন তিনি, এখনো।
কয়েকজন বিশিষ্ট ব্যক্তি ২০ ওভারের বিশ্বকাপে খেলার জন্য টেন্ডুলকারের প্রতি অনুরোধ জানান। কিন্তু দলে ফেরার সম্ভাবনা স্রেফ উড়িয়ে দেন ৩৬ বছর বয়সী টেন্ডুলকার।
ভারতীয় একটি পত্রিকাকে আফ্রিদি বলেন, গত কয়েক বছর ধরে তিনি শুধু ভালোই খেলছেন না। দিনে দিনে ভালো থেকে আরো ভালো খেলা উপহার দিচ্ছেন।
"২০ ওভারের বিশ্বকাপে খেললে আমি নিশ্চিত তিনি যে কোনো দলের জন্য মাথা ব্যথার কারণ হয়ে উঠবেন। আর তিনি যদি না খেলেন তাহলে অন্য দলগুলো বড় ধরনের সুবিধা পাবে,"উপলব্ধী আফ্রিদির।
সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফের অবসরের প্রস্তুতি সম্পর্কে আফ্রিদি পিটিআইকে বলেন, "ইউসুফ আবেগপ্রবণ হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন। তাই আমার মনে হয় তিনি অবশ্যই এই সিদ্ধান্ত নিয়ে আবারো চিন্তা-ভাবনা করবেন। কেননা পাকিস্তানের ক্রিকেটকে তার এখনো অনেক কিছু দেয়ার আছে।"
স
bdnews24