ইসলামাবাদ, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের অধিনায়কের দায়িত্ব দেয়ায় অল-রাউন্ডার শহিদ আফ্রিদিকে শুভেচ্ছা জানিয়েছেন নতুন কোচ ওয়াকার ইউনিস। তবে তার আসল লক্ষ্য আগামী বছরের বিশ্বকাপ।
এই প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজে, আগামী মাসে।
এর আগে অধিনায়ক ছাড়াই টিয়েন্টি-টিয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পরে দলনায়কের দায়িত্ব দেয়া হয় আফ্রিদিকে।
ওয়াকার আফ্রিদির প্রশংসা করতে গিয়ে ভয়েস অব জার্মানিকে বলেন, "গত দু'বছর ধরে দারুণ বোলিং করছেন আফ্রিদ্রি। এছাড়া তিনি ইতিবাচক মনের একজন খেলোয়াড়ও বটে।" তার উপস্থিতিই অন্য খেলোয়াড়দের মধ্যে অনুপ্রেরণার সৃষ্টি করে বলে মনে করেন পাকিস্তানের নতুন কোচ।
পাকিস্তান ক্রিকেটের একটা টালমাটাল অবস্থার মধ্যে কোচের দায়িত্ব নেন ওয়াকার। ম্যাচ পাতানো ও দলের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টির অভিযোগে দু'সপ্তাহ আগে বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়কে নিষিদ্ধ করায় পাকিস্তান ক্রিকেট চলছে এখন একটা উথাল-পাতাল ঢেউয়ের মধ্য দিয়ে।
ওয়াকার বলেন, আফ্রিদি, আব্দুল রাজ্জাক, উমর ও কামরান আকমল থাকায় ২০ ওভারের খেলার জন্য পাকিস্তান দল যথেষ্ঠ শক্তিশালী। তাই শিরোপা রক্ষা করার সামর্থ্য এই দলের রয়েছে।
ওয়াকার হলেন গত তিন বছরের মধ্যে পাকিস্তানের চতুর্থ কোচ। আর পাকিস্তানের কোচের দায়িত্ব পালন করা যে কঠিন কাজ, সে কথা তিনি বেশ ভালো করেই জানেন। এ প্রসঙ্গে তিনি বলেন, "ক্রিকেটের ইতিহাসই বলছে পাকিস্তানের কোচের দায়িত্ব পালন করা সহজ নয়। তারপরও আমি তা গ্রহণ করেছি।"
বিশ্বকাপ ক্রিকেটের দিকেই আসলে বেশি নজর দিচ্ছেন ওয়াকার, "আগামী বছরের বিশ্বকাপই হলো আমার আসল লক্ষ্য।" বিশ্বকাপ ক্রিকেট হবে আমাদের এই উপমহাদেশে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/১৮১৮ ঘ.
bdnews24