হ্যামিল্টন, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ড্যানিয়েল ভেট্টোরি ও টিম সুথির মারাত্মক বোলিংয়ের সুবাদে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথমদিনটি নিজের করে নিয়েছে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার প্রথম দফা গুটিয়ে যায় মাত্র ২৩১ রানে। জবাবে ১৯ রান তুলেছে নিউজিল্যান্ড, এক উইকেটে।
সেডন পার্কে শনিবার অস্ট্রেলিয়ার প্রথম দফার জবাব দিতে গিয়ে নিউজিল্যান্ডেরও শুরুটা ভালো হয়নি। স্কোর বোর্ডে মাত্র ৪ রান জমা হতেই এক উইকেট খুইয়ে বসে। টিম ম্যাকিনটোস ডোগ বোলিঙ্গারের বলে সরাসরি বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন। তখন তারও ব্যক্তিগত রান ছিল ৪।
উইকেটে আছেন ম্যাথু সিনক্লেয়ার ৮ রান নিয়ে। বিজে ওয়াটলিং অপরাজিত রয়েছেন ৬ রানে। মূলত অস্ট্রেলিয়া প্রথম দফায় সম্মানজনক রান তুলতে না পারায় প্রথমদিনটি হয়ে যায় নিউজিল্যান্ডের।
টস জিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং ব্যাট করার সিদ্ধান্ত নেন। বলতে গেলে অস্ট্রেলিয়ার প্রথম ও মাঝের সারির ব্যাটসম্যানদের সবাই শুরুটা ভালোই করেন। কিন্তু লম্বা ইনিংস খেলতে পারেননি কেউ। একমাত্র উদ্বোধনী ব্যাটসম্যান সাইমন ক্যাটিচ বাদে। ২৩৬ মিনিট উইকেটে থেকে ৮৮ রান করেন তিনি। তার ১৭১ বলের ইনিংসে ৪ রয়েছে ১১টি। নিউজিল্যান্ড অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরিকে আড়াআড়িভাবে খেলতে গিয়ে যথাযথভাবে খেলতে পারেননি ক্যাটিচ। ব্যাটের কানা ছুঁয়ে প্যাডে লেগে বল উঠে যায় সামান্য। ঠিকানা খুঁজে পায় ফরোয়ার্ড শট-লেগে বিজে ওয়াটলিংয়ের হাতে। তখন দলের রান ছিল ১৮০।
এরপর দলের সঙ্গে মাত্র ৫১ রান যোগ হতেই সাজঘরে ফিরে যান বাকি পাঁচ ব্যাটসম্যান। তাদের মধ্যে সবচেয়ে বেশি ১২ রান করেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ব্র্যাড হ্যাডিন ও নাথান হরিটজ। শেষ পর্যন্ত অবশ্য হরিটজ অপরাজিত ছিলেন।
এর আগে অপর উদ্বোধনী ব্যাটসম্যান শেন ওয়াটসন (১২), পন্টিং (২২), মাইক হাসি (২২) ও মাইকেল ক্লার্ক (২৮) শুরুটা ভালোই করেন। কিন্তু কেউই নিজের ইনিংসকে টেনে নিয়ে যেতে পারেননি বড় রানের পথে। ফলে আড়াই শ' রানের কোঠায়ও যায়নি অস্ট্রেলিয়ার ইনিংস।
অধিনায়ক ভেট্টোরি ৪ উইকেট নেন মাত্র ৩৬ রানে। সুথিও নিয়েছেন ৪ উইকেট। তবে রান দিয়েছেন ভেট্টোরির তুলনায় অনেক বেশি, ৬১।
প্রথম ম্যাচ জিতে দুই টেস্টের সিরিজে অস্ট্রেলিয়া এগিয়ে আছে ১-০ তে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭২৯ ঘ.
bdnews24