ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার দিল্লি ডেয়ারডেভিলস ১৭ রানে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৪ উইকেটে ১৮৩ রান করে দীনেশ কার্তিকের নেতৃত্বাধীন ডেয়ারডেভিলস। জবাবে ৯ উইকেটে ১৬৬ রানেই থেমে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স।
ব্যাঙ্গালোরে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নামে দিল্লী ডেয়ারডেভিলস। দলীয় ৪৪ রানে প্রথম উইকেট হারায় কার্তিকের দল। ডেল স্টেইনের বলে বিনয়ের হাতে ধরা পড়ে বিদায় নেন ওর্য়ানার (৩৩ রান)।
দলীয় স্কোরে ১৪ রান যোগ করে বিনয় কুমারের বলে কোহলির কাছে ক্যাচ দেন শেবাগ (১২ রান)।
১০১ রানে তৃতীয় উইকেটটি হারায় ডেয়ারডেভিলস। স্টেইনের রান আউটের শিকার হয়ে ফিরে যান কার্তিক (১৭)। কার্তিককে অনুসরণ করেন ভিলিয়ার্স। ব্যক্তিগত ৪৫ রানে মর্গানের ছোঁড়া বলে রান আউট হয়ে সাজঘরে ফেরেন ভিলিয়ার্স । দলের রান তখন ৪ উইকেটে ১৩৪।
যাদব পঞ্চম উইকেটে অর্ধ শতক করে দলকে এগিয়ে নিয়ে যান সম্মানজনক স্কোরে। ৫ টি চার ও ২ টি ছয়ের সাহায্যে ৫০ রান করেন যাদব। এছাড়া ম্যাকডোনাল্ডের করেন ১৮ রান।
একটি করে উইকেট নেন বিনয় কুমার ও স্টেইন।
১৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই উদ্বোধনী ব্যাটসম্যান মনিষ পান্ডে ও জ্যাক ক্যালিসের ব্যাটিংয়ে শুরুটা খারাপ হয়নি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। দলীয় ৭১ রানে সাজঘরে ফেরেন পান্ডে (৩৯)।
এরপর ক্যালিস ২৭ , উথাপ্পা ১৫ ও দ্রাবিড় ১ ও মর্গান ১৭ রানে আউট হলে বিপর্যয়ে পড়ে কুম্বলের নেতৃত্বাধীন দল।
কোহলির ব্যাট কিছুটা আশা দেখালেও পরের ব্যাটসম্যানদের ব্যর্থতায় নির্ধারিত ওভার শেষে জয় থেকে ১৭ রান দূরে থাকে ব্যাঙ্গালোর। কোহলি সর্বোচ্চ ৩৮ রানে অপরাজিত থাকেন।
মিশ্র ও ম্যাকডোনাল্ড নেন দু'টি করে উইকেট। এছাড়া যাদব ও সাংওয়ান পান ১টি করে উইকেট।
ম্যাচ সেরা হয়েছেন দিল্লি ডেয়ারডেভিলসের কেদার যাদব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এএইচএস/সিজি/২২০৫ ঘ.
bdnews24