ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ১২ নারী ক্রিকেটারের সঙ্গে বৃহস্পতিবার চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক বছরের চুক্তিতে তিন ক্যাটাগরিতে চারজন করে ক্রিকেটার রয়েছেন।
বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিন ক্যাটাগরির ক্রিকেটারদের মধ্যে প্রথম গ্রেডে থাকা ক্রিকেটারদের মাসে দশ হাজার টাকা করে, দ্বিতীয় গ্রেডে থাকা ক্রিকেটারদের আট হাজার টাকা করে এবং তৃতীয় গ্রেডে থাকা ক্রিকেটারদের ছয় হাজার টাকা করে প্রদান করা হবে।
প্রথম গ্রেডের ক্রিকেটারদের মধ্যে রয়েছেন- সালমা খাতুন, সাথিরা জাকির জেসি, আয়শা আক্তার ও পান্না ঘোষ। দ্বিতীয় গ্রেডে রয়েছেন শুকতারা রহমান, চম্পা চাকমা, ফারজানা হক পিংকি ও লতা মন্ডল।
এছাড়া রুমানা আহমেদ, সোহেলি আক্তার, ফাতেমা তুজ জোহরা ও তিথী রানী সরকার তৃতীয় গ্রেডে বিসিবির সঙ্গে চুক্তিতে আবদ্ধ হন।
বিসিবির নারী উইং কমিটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফুয়াদসহ কমিটির অন্য সদস্যরা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/এনআই/২১১০ ঘ.
bdnews24