ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেষ পর্যন্ত লড়াই করেও হার মানতে হলো বাংলাদেশকে, ৯ উইকেটে। অ্যালিস্টার কুকের অপরাজিত শতকের ওপর ভর করে বাংলাদেশের বেঁধে দেয়া ২০৯ রানের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড, মাত্র এক উইকেট হারিয়ে।
সাকিবের অর্ধ-শতকের সুবাদে দ্বিতীয় দফায় বাংলাদেশ রান তোলে ২৮৫। প্রথম দফায় সাকিবদের ৪১৯ রানের জবাব দেয় ইংল্যান্ড ৪৯৬ রান করে। ফলে এগিয়ে যায় তারা ৭৭ রানে।
ঢাকা টেস্ট জিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশকে হোয়াইট-ওয়াশ করলো ইংল্যান্ড। এর আগে চট্টগ্রাম টেস্টও জিতে নেয় ইংল্যান্ড।
ইংল্যান্ডের দলনায়ক কুকের হার না মানা ১০৯ রানের ইনিংসে চার রয়েছে ১১টি। তিনি তার দ্বাদশ শতকে পৌঁছান ১৫১ বলে, দশটি চারের সাহায্যে। অপর অপরাজিত ব্যাটসম্যান কেভিন পিটারসেনও তার অর্ধ-শতক আদায় করে নেন। রান করেছেন ৭৯ বলে ৭৪। চার মেরেছেন ৯টি। ছক্কা দু'টি।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার দ্বিতীয় টেস্টের পঞ্চমদিন জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ৪২ রানের মাথায় ১৯ রান করে দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হন উদ্বোধনী ব্যাটসম্যান জোনথন ট্রট। কভার অঞ্চলে বল ঠেলে দিয়েই এক রানের জন্য দৌড় দেন ট্রট। আর ঝাঁপিয়ে পড়ে বলটি ধরেই জহুরুল ইসলাম ছুড়ে দেন উইকেটরক্ষক মুশফিকুর রহিমের কাছে। বেল উড়িয়ে দেয়ার আগেই জায়গায় পৌঁছে যান বলে মনে হয় টেলিভিশন রিপ্লে দেখে। ট্রট যে আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি তার মুখেই তা স্পষ্ট হয়ে উঠেছিল সাজঘরে ফেরার সময়।
এর আগে ৬ উইকেটে ১৭২ রান নিয়ে দ্বিতীয় টেস্টের পঞ্চমদিনের খেলা শুরু করে বাংলদেশ। আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান সাকিব আল হাসান তার ২৫ রানের ইনিংসটিকে টেনে নিয়ে যান ৯৬-এ। শতক বঞ্চিত হন তিনি অল্পের জন্য। বাংলাদেশ অধিনায়ক তার ১৯১ বলের ইনিংসে দড়ির ওপারে বল পাঠিয়েছেন ১১ বার। মধ্যহ্ন-বিরতির পরের ওভারে শেষ ব্যাটসম্যান হিসেবে জেমস ট্রেডওয়েলের বলে সাজঘরে ফেরেন তিনি ২৮৫ রানের মাথায়। সেই সঙ্গে থেমে যায় বাংলাদেশেরও দ্বিতীয় ইনিংস। ট্রেডওয়েলের বলটিকে উইকেট থেকে বেরিয়ে গিয়ে বোলারের মাথার ওপর দিয়ে সীমানার ওপারে পাঠানোর চেষ্টা করেন। কিন্তু ব্যাটে-বলে এক করতে পারেননি। পরিণতি বুঝতে পেরে মরিয়া হয়ে জায়গায় ফিরে আসার জন্য ঝাঁপিয়ে পড়েন সাকিব। কিন্তু তার আগেই তার বেল উড়ে যায়।
মূলত সাকিবকে ঘিরেই খেলে যান বাংলাদেশের লেজের দিকের ব্যাটসম্যানরা। নাইটওয়াচ-ম্যান শফিউল ইসলাম ২৩২ রানের মাথায় ফিরে যাওয়ার আগে ট্রেডওয়েলের বলে জোনাথন ট্রটের হাতে ধরা পড়েন, ২৮ রান করে। তিনি তার ৪৯ বলের ইনিংসে চার মেরেছেন ৬টি।
মধ্যাহ্ন-বিরতির আগে নাইম ইসলাম সাজঘরের পথ ধরেন ৩ রান করে। তবে ২৬ বল খেলে ভালোই সমর্থন দেন সাকিবকে। এরপর ফিরে যান আব্দুর রাজ্জাক। মাত্র ৮ রান করলেও খেলেছেন ২২ বল। তখন দলের রান ছিল ২৭৫।
ইংল্যান্ডের বোলারদের মধ্যে ৪ উইকেট নেন ট্রেডওয়েল, ৮২ রানে। এছাড়া দু'টি করে উইকেট নেন স্টুয়ার্ট ব্রড ও গ্রায়েম সোয়ান। এজন্য ব্রড দেন ৭২ রান। সোয়ান খরচ করেন ৭৩।
দল হারলেও ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন সাকিব।
সিরিজ সেরা হয়েছেন গ্রায়েম সোয়ান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৬২২ ঘ.
bdnews24