২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ের পাল্লা হেলেছে ইংল্যান্ডের দিকে

জয়ের সুবাস পাচ্ছে ইংল্যান্ড। তামিম ইকবালের অর্ধ-শতকের ওপর ভর করে ঢাকা টেস্টের চতুর্থদিনে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে রান তুলেছে ১৭২, ছয় উইকেটে। ফলে ইংল্যান্ডের চেয়ে এগিয়ে আছে ৯৫ রানে। হাতে উইকেট আছে মাত্র চারটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2010, 05:21 AM

Updated : 24 Aug 2022, 07:49 PM

ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জয়ের সুবাস পাচ্ছে ইংল্যান্ড। তামিম ইকবালের অর্ধ-শতকের ওপর ভর করে ঢাকা টেস্টের চতুর্থদিনে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে রান তুলেছে ১৭২, ছয় উইকেটে। ফলে ইংল্যান্ডের চেয়ে এগিয়ে আছে ৯৫ রানে। হাতে উইকেট আছে মাত্র চারটি। এর আগে ইংল্যান্ডের প্রথম ইনিংস থেমে যায় ৪৯৬ রানে। ফলে এগিয়ে যায় তারা ৭৭ রানে। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৪১৯। অধিনায়ক সাকিব আল হাসান ব্যাট করছেন ২৫ রান নিয়ে। তবে খেলেছেন ৭৫ বল। ১২ বল খেললেও শফিউল ইসলাম এখনো হিসেবের খাতা খুলতে পারেননি। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার ৭৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। তবে শুরুটা মোটেও ভালো হয়নি। দলীয় ২৩ রানের মাথায় উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস (৪) স্টুয়ার্ট ব্রডের বলে সরাসরি বোল্ড হলে বিপদে পড়ে বাংলাদেশ। এ অবস্থায় হাল ধরে দলের সঙ্গে ৬৩ রান যুক্ত করে বিপদ থেকে দলকে কিছুটা হলেও টেনে তোলেন তামিম ইকবাল ও জুনায়েদ সিদ্দিকী। তামিম তার স্বভাবসূলভ আক্রমণাত্মক খেলার বদলে অনেকটা ধীর-স্থিরভাবে খেলেন। একবার জীবন পেলেও অর্ধ-শতক আদায় করে নিতে তার কোনো অসুবিধা হয়নি। ৮৪ বল খেলে ৫২ রান করেন তিনি। চার মেরেছেন পাঁচটি। তিনি তার টেস্ট জীবনের সপ্তম অর্ধ-শতকে পৌঁছান ৬৮ বলে, ৫টি চারের সাহায্যে। তখন দলের রান ছিল ৮৬। প্রথম ইনিংসেও অর্ধ-শতক হাঁকিয়েছিলেন তামিম (৮৫)। জুনায়েদের আউটটি ছিল অত্যন্ত দুর্ভাগ্যজনক। পেছনের পায়ে ভর রেখে একেবারে কেতাবি ঢঙে ড্রাইভ করেন অত্যন্ত জোরে। সিলি পয়েন্টে ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক নিজেকে বাঁচানোন জন্য ঘুরে দাঁড়ান। কিন্তু তার বুটে লেগে বল উঠে যায় আকাশে। অত্যন্ত সহজে বলটি লুফে নেন বোলার জেমস ট্রেডওয়েল। ১১০ রানের মাথায় আউট হওয়ার আগে মাত্র ৩৪ রান করলেও জুনায়েদ খেলেছেন ১১৩ বল। কিন্তু বিপদ থেকে দলকে উদ্ধার করতে পারেননি তিনি। বরং বিপদ আরো ঘাড়ে চেপে বসে। দলের সঙ্গে আর ২০ রান যুক্ত হতেই টিম ব্রেসন্যানের বলে উইকেটের পেছনে ম্যাট প্রায়রের হাতে ধরা পড়ে মাহমুদুল্লাহ রিয়াদ সাজঘরের পথ ধরলে রীতিমতো খাদে পড়ে যায় বাংলাদেশ। খাদ থেকে টেনে তোলার চেষ্টা করেন জহুরুল ইসলাম ও সাকিব। কিন্তু পারেননি। দলের সঙ্গে যুক্ত করেছেন তারা মাত্র ২৬ রান। গ্রায়েম সোয়ানের বলে সরাসরি বোল্ড হওয়ার আগে জহুরুল করেন ৭৬ বলে ৪৩। ফলে যে খাদে পড়েছিল, সেই খাদেই থেকে যেতে হয় বাংলাদেশকে। উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে নিয়ে সেই খাদ থেকে টেনে তোলার চেষ্টা করেও পারেননি সাকিব। ৩ রান করে মুশফিক সরাসরি বোল্ড হয়ে যান স্টুয়ার্ট ব্রডের বলে। তখন দলের রান ছিল ১৬৯। ইংল্যান্ডের বোলারদের মধ্যে দু'টি উইকেট নেন গ্রায়েম সোয়ান, ৩৮ রানে। ব্রড ৩৭ রানে নেন দুই উইকেট। এর আগে আট উইকেটে ৪৪০ রান নিয়ে দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। আগেরদিনের অপরাজিত ব্যাটসম্যান টিম ব্রেসন্যান তার ৬৪ রানের ইনিংসটিকে টেনে নিয়ে যান শতকের কাছাকাছি। মাত্র ৯ রানের জন্য শতক বঞ্চিত হন। আব্দুর রাজ্জাকের ফ্লাইটেড বলটি বুঝতে পারেননি ব্রেসন্যান। উইকেট থেকে বেরিয়ে গিয়ে খেলেন। কিন্তু ব্যাটে-বলে এক করতে পারেননি। পরিণতি বুঝতে পেরে দ্রুত জায়গায় ফেরার চেষ্টা করেন। কিন্তু বিদ্যুতের গতিতে ব্রেসন্যানের বেল উড়িয়ে দেন উইকেটরক্ষক মুশফিকুর রহিম। ২৬১ বল খেলে ৯১ রান করেন তিনি। চার মেরেছেন মাত্র ৬টি। শেষ ব্যাটসম্যান হিসেবে একইভাবে আউট হয়ে সাজঘরের পথ ধরেন জেমস টেডওয়েল, ৩৭ রান করে। সেই সঙ্গে ইংল্যান্ডের ইনিংস থেমে যায় পাঁচ শ' রানের কাছাকাছি গিয়ে। বাংলাদেশের পক্ষে চারটি উইকেট নেন সাকিব আল হাসান, ১২৪ রানে। ১৩২ রানে তিন উইকেট নেন আব্দুর রাজ্জাক। এছাড়া একটি করে উইকেট নেন মাহমুদুল্লাহ রিয়াদ ও রুবেল হোসেন। চট্টগ্রাম টেস্ট জিতে ইংল্যান্ড দুই ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/টিআর/১৬৪৭ ঘ.