ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ রোববার ডেকান চার্জার্স ১০ রানে হারিয়েছে দিল্লি ডেয়ারডেভিলসকে।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭১ রান করে ডেকান চার্জার্স। জয়ের জন্য ১৭২ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ১৬১ রানে থামে যায় দীনেশ কার্তিকের নেতৃত্বেধীন ডেয়ারডেভিলস। তখনো হাতে ছিল এক উইকেট।
কটকে টস জিতে ব্যাট করতে নেমে দুই উদ্বোধনী ব্যাটসম্যান মনিষ মিশ্র ও সাবেক অস্ট্রেলীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিষ্ট খুব বেশি সুবিধা করতে পারেননি। ব্যক্তিগত এক রানে অমিত মিশ্রর বলে সরাসরি বোল্ড হয়ে সাজঘরে ফেরেন মনিষ। এরপর লাড্ডার বলে কার্তিকের হাতে ধরা পড়ার আগে ২৪ রান করেন অধিনায়ক গিলক্রিস্ট। তখন দলের রান ছিল ৪৪।
দুই উদ্বোধনী ব্যাটসম্যান বিদায় নিলেও রান তোলার গতি কমেনি। বরং হার্শেল গিবস ৩১, অ্যান্ড্রু সাইমন্ডস ৩৫, রহিত শর্মা ৪৫ ও সুমনের অপরাজিত ২৯ রানের সুবাদে বড় স্কোর গড়ে ডেকান চার্জার্স।
জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দর শেবাগ (৩) প্রজ্ঞান ওঝার বলে গিবসের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। তবে অন্য প্রাপ্তে মেরে খেলে যেতে থাকেন ডেভিড ওয়ার্নার। কিন্তু রান আউট হয়ে সাজঘরে ফেরেন ৫৭ রান করে।
এরপরই শুরু হয় দিল্লির ব্যাটসম্যানদের আসা-যাওয়ার পালা। দলের পক্ষে সবচেয়ে বেশি ৪৬ রান করেন অধিনায়ক দীনেশ কার্তিক। এছাড়া ২৭ রান করেন এবি ডি ভিলিয়ার্স।
দু'টি করে উইকেট নেন রাহুল শর্মা ও সাইমন্ডস।
ম্যাচ সেরা নির্বাচিত হয়েছে সাইমন্ডস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/২১৫০ ঘ.
bdnews24