২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রকিবুলের চুক্তি বাতিল, তিন মাস নিষিদ্ধ

রকিবুল হাসানের সঙ্গে চুক্তি বাতিল করে তাকে তিন মাসের জন্য জাতীয় দলে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2010, 04:32 PM

Updated : 24 Aug 2022, 07:41 PM

ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রকিবুল হাসানের সঙ্গে চুক্তি বাতিল করে তাকে তিন মাসের জন্য জাতীয় দলে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার বিসিবির ১৭তম সভায় এ সিদ্ধান্তের কথা এক বিবৃতিতে জানানো হয়। আগামী তিন মাস (১৯ মার্চ থেকে ১৯ জুন পর্যন্ত) জাতীয় দলে বিবেচনা করা হবে না ব্যাটসম্যান রকিবুলকে। তবে এ সময়ে ঘরোয়া লিগে খেলতে পারবেন তিনি। কারিগরি মূল্যায়ন কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয় বিসিবি। চট্টগ্রামে ইংল্যান্ডের সঙ্গে বাংলাদেশের প্রথম টেস্টের দুদিন আগে রকিবুলের অবসর ঘোষণার বিষয়টিকে মারাত্মক শৃঙ্খলাভঙ্গ হিসেবে বিবেচনা করছে বিসিবি। ওই ঘটনার পরই বিসিবি তার সঙ্গে চুক্তি বাতিল করেছে বলে জানানো হয় বিবৃতিতে। গত ১০ মার্চ অবসর ঘোষণা ও পরবর্তীতে সে সিদ্ধান্ত থেকে সরে আসা নিয়ে বোর্ডকে চিঠি দেন রকিবুল। বোর্ডের মতে, রকিবুলের এ শাস্তি ভবিষ্যতে অন্য খেলোয়াড়কে একই ধরনের ঘটনা ঘটানো থেকে বিরত রাখবে। ভবিষ্যতে কোনো খেলোয়াড় বিসিবির আচরণবিধি ভাঙলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে বিসিবি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/পিডি/২২২৮ ঘ.