২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্টে ইংল্যান্ডকে কঠিন প্রতিপক্ষ মানছেন রাজ্জাক

স্পিনারদের দিয়ে চট্টগ্রাম টেস্টে ইংল্যান্ডকে বশে রাখার পরিকল্পনা ছিল বাংলাদেশ দলের। কিন্তু বিধিবাম। উল্টো স্পিন দিয়েই সাকিবদের শাসন করেছে কুকের দল! গ্রায়েম সোয়ানের স্পিন দিয়েই জয় তুলে নেয় ইংল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2010, 04:48 PM

Updated : 24 Aug 2022, 07:39 PM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্পিনারদের দিয়ে চট্টগ্রাম টেস্টে ইংল্যান্ডকে বশে রাখার পরিকল্পনা ছিল বাংলাদেশ দলের। কিন্তু বিধিবাম। উল্টো স্পিন দিয়েই সাকিবদের শাসন করেছে কুকের দল! গ্রায়েম সোয়ানের স্পিন দিয়েই জয় তুলে নেয় ইংল্যান্ড। তাই শুধু পিচের সাহায্যে টেস্টে ইংল্যান্ডকে বাগে আনাটা সহজ কাজ নয়, মানছেন স্পিনে যার ওপর মূল ভরসা স্বাগতিকদের- সেই আব্দুর রাজ্জাক। বলেছেন, টেস্টে ইংল্যান্ড কঠিন প্রতিপক্ষ । চট্টগ্রামে প্রথম দুইদিন উইকেট স্পিনারদের জন্য অনুকূলে ছিলনা। তবে দ্বিতীয় টেস্টে উইকেট সে রকম হবে না বলেই মনে করেন স্পিনার আব্দুর রাজ্জাক ,''আশা করছি স্পিন সহায়ক উইকেটই হবে। লো বাউন্সি উইকেট হলে আমাদের জন্য খুবই ভালো। ওদের (ইংল্যান্ড) জন্য ভালো। গ্রায়েম সোয়ানের মতো বলার থাকায় সে সুবিধা ওরাও পাবে। '' একই সঙ্গে ইংল্যান্ডের বিপক্ষে সাফল্য পাওয়া যে খুবই কঠিন সেটাও মনে করিয়ে দিতে ভুললেন না এ বাঁহাতি স্পিনার। ''টেস্টে অন্যতম সেরা দল ইংল্যান্ড। স্পিনারদের বিপক্ষে খেলার প্রস্তুতি নিয়েই উপমহাদেশে আসে তারা। তাই ওদের বিপক্ষে সাফল্য পাওয়াটা সহজ নয়।'' ইংল্যান্ডের বিপক্ষে ভাল করতে হলে ব্যাটসম্যানদের সাহায্যের প্রয়োজন বলে মনে করেন রাজ্জাক। প্রতিপক্ষকে ৪-৫ সেশন ফিল্ডিং করাতে পারলে তাদের উইকেট নেওয়াটা তুলনামুলক সহজ হবে মনে করেন তিনি। তাই টস জিতলে ব্যাটিংটাই আগে করতে চান এ স্পিনার। আর চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ যেটুকু সাফল্য পেয়েছে তার প্রায় সবটুকুই এসেছে ব্যাটসম্যানদের থেকেই। বিশেষ করে মুশফিক, জুনায়েদ, তামিম ও মাহমুদুল্লাহর ব্যাটিং টেস্টকে নিয়ে গেছে পঞ্চম দিনে। সেদিকে ইঙ্গিত করেই ইংল্যান্ড ব্যাটসম্যান কেভিন পিটারসেন জানালেন,'' বাংলাদেশর ৫-৬ জন ক্রিকেটার আছে যারা ভবিষ্যতে একটি ভাল দল গড়তে পারে। চট্টগ্রাম টেস্টে তারা বিচ্ছিন্ন কিছু সেশন ভাল করেছে।'' তাই দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে হারানো খুব সহজ হবে এমনটা মনে করেন না এ ব্যাটসম্যান। তবে কিছুতেই যে জয় হাতছাড়া করতে চাননা সেটাও বুঝিয়ে দিয়েছেন খারাপ সময় কাটিয়ে ওঠার সংগ্রামে থাকা পিটারসেন।'' বাংলাদেশের বিপক্ষে আমরা কোনো ম্যাচে হারিনি। সে রেকর্ডটা ধরে রাখতেই মাঠে নামবে ইংল্যান্ড।'' বাংলাদেশ সফর শেষ করেই আইপিএলের খেলায় অংশ নিতে ভারতে যাবেন পিটারসেন। ব্যাঙ্গালোর রয়েল চ্যালেঞ্জার্সের হয়ে খেলার আগে নিজের ব্যাট আরো ঝালিয়ে নিতে চান এ ব্যাটসম্যান। চট্টগ্রাম টেস্টেই খারাপ সময় কাটানোর ইঙ্গিত দিয়েছেন পিটারসেন। নিজের পারফরমেন্স সম্পর্কে বলতে গিয়ে বলেন তিনি বলেন, '' আমি কঠোর অনুশীলন করেছি। ফলে রানে ফিরতে পেরেছি।'' কিন্তু ঢাকা টেস্টেই পুরনো ফর্মে ফিরলে স্বাগতিকদের জন্য বিপদ বাড়বে বৈ কমবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/২২২৫ ঘ.