ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের চেয়ে ৪৩৪ রানে এগিয়ে থেকে তৃতীয় দিন শেষ করেছে ইংল্যান্ড। সোমবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সফরকারীদের সংগ্রহ পাঁচ উইকেটে ১৩১ রান। প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২৯৬।
মুশফিকুর রহিমের অর্ধশতক ও অষ্টম জুটির ১১৩ রানের ইনিংসটিও ফলোঅনের হাত থেকে বাঁচাতে পারেনি বাংলাদেশকে। যারপরনাই ২৯৬ রানে অল-আউট স্বাগতিক দলকে প্রথম ইনিংসে পিছিয়ে থাকতে হয় ৩০৩ রানে।
অতিথিরা বিনয় দেখালেন, বাগে পেয়েও ফলোঅনের সুযোগ না নিয়ে নিজেরাই নেমে যান দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে। উদ্বোধনী জুটিতে অধিনায়ক অ্যালিস্টার কুক ও মাইকেল কারবেরির স্বাচ্ছন্দ ব্যাটিং মনে করিয়ে দিচ্ছিলো প্রথম ইনিংসের কথা। কিন্তু দলীয় ৬৫ রানে কুকের উইকেটটি তুলে নিয়ে মাহমুদউল্লাহ স্বস্তি এনে দেন স্বাগতিক শিবিরে। ব্যক্তিগত ৩৯ রানে আফতাবের হাতে ধরা পড়েন ইংলিশ অধিনায়ক।
এরপরেই স্পিনারদের ভেলকি দেখে সফরকারী ব্যাটসম্যানরা। ভোঁজবাজির মত বদলে যাওয়া চট্টগ্রামের উইকেট থেকে সুবিধা কাজে লাগিয়ে দুই বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান ও আব্দুর রাজ্জাক পরপর ফিরিয়ে দেন চার ব্যাটসম্যানকে।
অধিনায়ক সাকিবের জোড়া আঘাতের প্রথম শিকার হন জোনাথন ট্রট (১৪ রান)। এরপর এলবিডব্লিউর ফাঁদে পড়েন প্রথম ইনিংসের অন্যতম সফল ব্যাটসম্যান কেভিন পিটারসেন (৩২ রান)। ইংল্যান্ডের সংগ্রহ তখন ৩ উইকেটে ১২৬ রান। বল হাতে জ্বলে ওঠেন দলের সবচেয়ে বর্ষিয়ান ক্রিকেটার আব্দুর রাজ্জাক। তার বোলিংয়েও জোড়া আঘাত লাগে ইংলিশ শিবিরে। দলীয় ১৩০ রানে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন মাইকেল কারবেরি (৩৪ রান)। আরো এক রান যোগ হতেই মাহমুদ্ল্লুাহর হাতে ধরা পড়েন পল কলিংউড। শেষবেলায় দুই অপরাজিত ব্যাটসম্যান ইয়ান বেল (শূন্য) ও ম্যাট প্রায়র (শূন্য) দিনের বাকি নয়টি বল মোকাবেলা করেন নিরাপদের সঙ্গেই।
ফলোঅন এড়ানোর মিশন নিয়ে দিনের শুরুতে আগের দিনের পাঁচ উইকেটে করা ১৫৪ রানের সংগ্রহ নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। কিন্ত যাকে ঘিরে বিপদ কাটানো আশা, সেই তামিমকে হারিয়ে শুরুতেই হোঁচট খায় স্বাগতিকরা। ব্যক্তিগত ৫ রান যোগ হতেই ব্রেসনানের বলে সরাসরি বোল্ড হয়ে ফিরে যান তামিম। ১৪টি চার ও ১টি ছয়ের মার দিয়ে নিজের ৮৬ রানের ইনিংসটি সাজিয়েছেন তিনি। দলীয় ১৮৩ ৭ উইকেট হারালে নিশ্চিত ফলোঅনের দিকে এগিয়ে যায় বাংলাদেশ।
কিন্ত অষ্টম জুটিতে মুশফিক ও নাঈম আশার আলো দেখান। তারা দ'ুজন টানা ৩৯ ওভার উইকেট আগলে রেখে দলের সংগ্রহে যোগ করেন ১১৩ রান। ২৯৬ রানে নাঈম ইসলাম রান আউটই নিশ্চিত করে বাংলাদেশের বিপর্যয়। পরের বলেই সোয়ানের শিকার হন মুশফিক রহিম। সোয়ানের ঠুনকো আঘাতেই ভেঙ্গে যায় রুবেল হোসেনর উইকেট। ২৯৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
সোয়ান ৯০ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশ ইনিংসে ধ্বস নামান। এছাড়া ব্রড দুটি, ব্রেসনান ও ফিন একটি করে উইকেট নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/এসএ/ঘ.
bdnews24