২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সান্ত্বনার জয় নিউজিল্যান্ডের

শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকে ৫১ রানে হারিয়ে সান্ত্বনার জয় পেয়েছে নিউজিল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2010, 01:29 PM

Updated : 24 Aug 2022, 07:30 PM

ওয়েলিংটন, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকে ৫১ রানে হারিয়ে সান্ত্বনার জয় পেয়েছে নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ২৪১ রান করে, ৯ উইকেটে। জেতার জন্য ২৪২ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ১৯০ রানেই গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। পুরো ৫০ ওভারও খেলতে পারেনি, খেলেছে ৪৬ ওভার ১ বল। ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে শনিবার জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৪৬ রানের মাথায় তিন উইকেট খুইয়ে পথ হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। কিন্তু সেই পথে ফেরা আর সম্ভব হয়নি অসিদের। উদ্বোধনী ব্যাটসম্যান ব্র্যাড হাডিন (১৭) শেন বন্ডের বল পুল করতে গিয়ে স্কয়ার লেগে ধরা পড়েন টিম সুথির হাতে। সপ্তম ওভারে শেন বন্ডের বলে অধিনায়ক রিকি পন্টিং বিদায় নেন। হিসেবের খাতাই খুলতে পারেননি তিনি। ক্যামেরোন হোয়াইট টিম সুথির বলে ড্যানিয়েল ভেট্টোরির হাতে ধরা পড়ার আগে করেন ৬। এরই মধ্যে উদ্বোধনী ব্যাটসম্যান শেন ওয়াটসন তার একদিনের ক্রিকেট জীবনের পঞ্চদশ অর্ধ-শতক হাঁকালেও উইকেট পড়তে থাকে নিয়মিত বিরতিতে। নিল ম্যাককালামের বলে রস টেলরের হাতে ধরা পড়ে সাজঘরে ফেরার আগে রান করেন ৫৩। চার মেরেছেন চারটি। তখন দলের রান ছিল ৯৬। এর আগে ৭২ রানের মাথায় সাজঘরে ফেরেন অ্যাডাম ভোগস ৫ রান করে। মাইক হাসি (৪৬) ও জেমস হোপস (৪০) ছাড়া আর অন্য কোনো ব্যাটসম্যান দুই অংকের কোঠায় পৌঁছাতে পারেননি। নিউজিল্যান্ডের পক্ষে চারটি করে উইকেট নেন শেন বন্ড ও টিম সুথি। এজন্য বন্ড খরচ করেন ২৬ রান। সুথি দেন ৩৬। এছাড়া একটি উইকেট নেন নিল ম্যাককালাম। এর আগে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। তবে শুরুটা ভাল হয়নি নিউজিল্যান্ডের। মাত্র ২১ রানে উদ্বোধনী ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালামকে হারিয়ে বিপদে পড়ে নিউজিল্যান্ড। এরপর ৩২ রানের মধ্যে আরো দুই উইকেট হারালে বিপদ যেন চেপে ধরে কিউইদের। কিন্তু রস টেলরের ৩০ ও স্কট স্টাইরিসের অর্ধ-শতকের ওপর ভর করে লড়াই করার মতো স্কোর গড়ে তোলে স্বাগতিকরা। জেমস হোপসের বলে সরাসরি বোল্ড হওয়ার আগে ৫৫ রান করেন স্টাইরিস। দড়ির ওপারে বল পাঠিয়েছেন দু'বার, একবার হাওয়ায় ভাসিয়ে। এছাড়া শানান স্টুয়ার্ট ৬, অধিনায়ক ভেট্টোরি ২৮, গ্যারাথ হোপকিনস ২৬, নিল ম্যাককালাম ১৭, ড্যারিল টাফি ৩৬ রান করেন। অস্ট্র্রেলিয়ার পক্ষে দু'টি করে উইকেট নেন ক্লিন্ট ম্যাককায়ে ও মিচেল জনসন। এজন্য জনসন খরচ করেন ৪২ রান। ম্যাককায়ে দেন ৫৭। ম্যাচ সেরার পুরস্কার পান টিম সুথি। চ্যাপেল-হ্যাডলি ট্রফি আগেই জিতে নেয়ায় এই ম্যাচটি ছিল অস্ট্রেলিয়ার জন্য ছিল কেবল আনুষ্ঠানিকতার। অন্যদিকে নিউজিল্যান্ড জিতে হারের ব্যবধান কমিয়ে আনলো ৩-২ এ। সিরিজে ৩-২ এ এগিয়ে থাকায় জিতেছে অস্ট্রেলিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/