২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্টের শুরুটা ভাল চান সাকিব

প্রত্যাশা সামান্যই। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের শুরুটা ভালো করা। সেটা সম্ভব হলেই ম্যাচ জমে উঠবে, এমনটাই বিশ্বাস অধিনায়ক সাকিব আল হাসানের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2010, 03:22 PM

Updated : 24 Aug 2022, 07:27 PM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রত্যাশা সামান্যই। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের শুরুটা ভালো করা। সেটা সম্ভব হলেই ম্যাচ জমে উঠবে, এমনটাই বিশ্বাস অধিনায়ক সাকিব আল হাসানের। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে শুক্রবার প্রথম টেস্টে ধীরে এগিয়ে চলার পরিকল্পনার কথাই জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব। বলেছেন, "আমাদের জন্য টেস্টের শুরুটা ভালো করা খুবই গুরুত্বপূর্ণ। অতীতে দেখা গেছে, যে ম্যাচে আমরা প্রথম ইনিংসে ভালো করেছি, তার শেষটাও বেশ ভালো হয়েছে। তাই চট্টগ্রামেও আমাদের অন্যতম লক্ষ্য প্রথম সেশনে ভালো করা।" ইংলিশদের বিপক্ষে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে সংবাদ সম্মেলনে যত না আলোচনা হয়েছে তার চেয়ে বেশি আগ্রহ ছিল ক্রিকেট থেকে রকিবুল হাসানের আকস্মিক অবসরের ঘোষণা। জাতীয় দলের নির্ভরযোগ্য এই মিডল-অর্ডার ব্যটসম্যানের অনুপস্থিতি টেস্ট ম্যাচে প্রভাব ফেলবে কি না, এমন প্রশ্নের উত্তরে সাকিব বলেন, "তার ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে আমরা সবাই খুব অবাক হয়েছি। তবে আমাদের কালকের (শুক্রবার) খেলায় কোনো প্রভাব পড়বে বলে আমি মনে করি না। অন্যকিছু না ভেবে আমরা সবাই ক্রিকেটেই মনোযোগ দিচ্ছি।" কোচ জেমি সিডন্সের বিশ্বাস সব বাধা দূরে সরিয়ে ইংল্যান্ডের বিপক্ষে ভালো খেলার চেষ্টা করবে তার দলের ক্রিকেটাররা। তিনি বলছিলেন, "দলে বেশ কয়েকজন ভালো ক্রিকেটার আছে। আমার মনে হয় তারা নামের প্রতি সুবিচার করতে পারলে ইংল্যান্ডের বিপক্ষে ভালো করা সম্ভব।" অধিনায়কের মতো সিডন্সও রকিবুল হাসানের অবসরকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না। তবে রকিবুল চাইলে জাতীয় দলে ফেরার সুযোগ পাবে বলেই জানিয়েছেন জাতীয় দলের এই অস্ট্রেলীয় কোচ। এদিকে সিরিজের প্রথম টেস্টে কোন অঘটন আশা করছে না ইংল্যান্ড। বরং স্বাগতিক দলকে ভালোভাবে সামাল দেয়ার পরিকল্পনা এটেছেন ব্রিটিশ অধিনায়ক অ্যালিস্টার কুক। তিনি বলেন, "উপমহাদেশের উইকেটে সব সময়ই স্পিনাররা সহায়তা পেয়ে থাকে। আমরা একদিনের সিরিজে বাংলাদেশের স্পিনারদের ভালোভাবেই মোকাবেলা করেছি। আশা করছি টেস্টেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে।" একদিনের ক্রিকেটে সাফল্যের পর ইংল্যান্ড টেস্টেও যে শ্রেষ্ঠত্ব ধরে রাখার চেষ্টা করবে, তা নিঃসন্দেহে বলা যায়। এ পর্যন্ত চার টেস্টর সবগুলোতেই জিতেছে ইংল্যান্ড। সর্বশেষ দুই টেস্টে বাংলাদেশকে তারা হারায় ইনিংস ব্যবধানে। যদিও চোটে জর্জরিত ইংলিশ ক্রিকেটাররা বাংলাদেশকে এখন আর হাল্কাভাবে নিচ্ছে না। সফরকারীদের মোকাবেলা করতে বাংলাদেশ একাদশ সাজিয়েছে স্পিনারদের ওপর ভরসা করে। আব্দুর রাজ্জাক, নাঈম ইসলাম, সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ থাকবেন স্পিন আক্রমণে। অভিজ্ঞ পেসার সাহাদাত হোসেনের সঙ্গে বোলিং উদ্বোধন করবেন রুবেল হোসেন। বাংলাদেশ দল (সম্ভাব্য): সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকী, আফতাব আহমেদ, মাহমুদুল্লাহ রিয়াদ, নাঈম ইসলাম, আব্দুর রাজ্জাক, রুবেল হোসেন ও সাহাদাত হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/সিজি/টিআর/১৯১২ ঘ.