২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজ উড়িয়ে দিল জিম্বাবুয়েকে

ওয়েস্ট ইন্ডিজ ১৪১ রানে উড়িয়ে দিয়েছে সফরকারী জিম্বাবুয়েকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2010, 02:08 PM

Updated : 24 Aug 2022, 07:27 PM

কিংস টাউন, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর) - ওয়েস্ট ইন্ডিজ ১৪১ রানে উড়িয়ে দিয়েছে সফরকারী জিম্বাবুয়েকে। একদিনের সিরিজের তৃতীয় খেলায় বাংলাদেশ সময় বুধবার রাতে প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ৫০ ওভারে ২৪৫ রান করে, ৯ উইকেটে। জেতার জন্য ২৪৬ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ১০৪ রানে মুখ থুবড়ে পড়ে জিম্বাবুয়ে। অ্যার্নোস ভ্যালে গ্রাউন্ডে জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই কেমার রোচের বলে সরাসরি বল্ড হয়ে সাজঘরে ফেরেন উদ্বোধনী ব্যাটসম্যান ভুসি সিবান্দা। বিপর্যয়েরও শুরু তখনই। এরপর ৫৮ রানের মধ্যে ৪ উইকেট হারালে সমূহ বিপদে পড়ে জিম্বাবুয়ে। সেই বিপদ কাটানো আর সম্ভব হয়নি। কেননা থেমে থেমে উইকেট পড়তে থাকে। এক শ' রানের কোঠা পেরিয়েই থেমে যায় জিম্বাবুয়ের ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ডারেন সামি চার উইকেট শিকার করেন, ২৬ রানে। কেমার রোচ ২৮ রানে নেন তিন উইকেট। এর আগে টস জিতে জিম্বাবুয়ে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিকদের। দুই উদ্বোধনী ব্যাটসম্যান অধিনায়ক ক্রিস গেইল ও আড্রিয়ান ব্যারাথ শুরুটা খারাপ করেননি। উদ্বোধনী জুটিতে ভাঙ্গন ধরে ৪৮ রানের মাথায়। উইকেট থেকে বেরিয়ে গিয়ে প্রস্পার উৎসেয়াকে খেলতে গেলে গেইলের ব্যাটকে ফাঁকি দিয়ে বল চলে যায় উইকেট রক্ষকের কাছে। জায়গায় ফেরার আগেই গেইলের স্ট্যাম্প ভেঙ্গে দেন তিনি। তবে সাজঘরে ফেরার আগে তিনটি চার ও একটি ছক্কা সাহায্যে গেইল করেন ৩৩ রান। দলীয় ৮৬ রানের মাথায় অপর উদ্বোধনী ব্যাটসম্যান ব্যারাথ ৩৫ রান করে বিদায় নেন। মিডল-অর্ডার ব্যাটসম্যান শিবনারায়ন চন্দর পলের অর্ধ-শতক ৫৮, দীনেশ রামদিন ১৯, নরসিং দেওনারায়ণ ২১ ও ওয়েন ব্রাভোর ২৪ রানের ওপর ভর করে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস থামে আড়াই শ'র কোঠায়। জিম্বাবুয়ের পক্ষে দু'টি করে উইকেট নেন এল্টন চিগুম্বুরা ও উৎসেয়া। এজন্য চিগুম্বুরা খরচ করেন ৪৩ রান। উৎসেয়া দেন ৪৪। ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন ডারেন সামি। এই ম্যাচ জিতে ২-১ এ এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। এখনো বাকি রয়েছে দু'টি ম্যাচ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/১৯৫৪ ঘ.