ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইবিএল জাতীয় ক্রিকেট লিগের প্রথম ফাইনালে চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে রাজশাহীর সংগ্রহ ২ উইকেট ১৭৭ রান। দুই ইনিংস মিলিয়ে তারা এখন এগিয়ে আছে ২৪৮ রানে। রাজশাহীর ক্রিকেটারদের মুখে এখন একচিলতে হাসি লেগে থাকারই কথা।
বুধবার পঞ্চম ও শেষ দিন আরো এক সেশন ব্যাট করে বড় স্কোর করতে পারলে চট্টগ্রামকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মত সাহস তারা দেখাতেই পারে। কারণ দিন শেষে খেলার নিষ্পত্তি না হলেও প্রথম ইনিংসে লিডের সুবাদে সুবিধাজনক অবস্থানে থাকবে রাজশাহী। ম্যাচের ফলাফল যাবে তাদের অনুকূলে। সেদিক থেকে চট্টগ্রাম বিভাগ প্রতিপক্ষ রাজশাহীকে যতটা সম্ভব ছোট স্কোরের মধ্যে বেঁধে ফেলতে পারলেই বরং ভাল।
আগের দিনের (সোমবার) ৬ উইকেটে ২৬৬ রানের সংগ্রহ এগিয়ে নিতে মঙ্গলবার সকালে ব্যাট করতে নামে চট্টগ্রাম। রাজশাহীর বোলারদের সামাল দিয়ে মিরপুরের উইকেটে লড়াইটা জমিয়ে তোলে অল-আউটের আগে ৩০১ রান তুলে। নাজিমুদ্দিন ৮০, মঈনুল হক ৮২, ইলিয়াস সানি হারনামানা ৪৬ ও ফয়সাল হোসেন ২৮ রান করেন। রাজশাহীর সাকলাইন সজিব ৩টি ও সোহরাওয়ার্দী শুভ ৪টি উইকেট নেন।
প্রথম ইনিংসে ৭১ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পায় রাজশাহী। সোহরাওয়ার্দী শুভ'র ৬৮ ও জহুরুল ইসলামের অপরাজিত ৬৭ রানের ইনিংস দুটি দিন শেষে রাজশাহীকে ২ উইকেটে ১৭৭ রানের সংগ্রহ এনে দিয়েছে। প্রথম ইনিংসে ৩৭২ রান করেছে রাজশাহী বিভাগ।
বিডিনিউজ টোয়োয়েন্টিফোর ডটকম/এসএ/সিজি/২০২০ ঘ.
bdnews24