জর্জ টাউন, মার্চ ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজকে এবার চমকে দিল জিম্বাবুয়ে। একদিনের সিরিজের প্রথম ম্যাচে ২ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে।
প্রথমে ব্যাট করে ৫ উইকেটে জিম্বাবুয়ে করে ২৫৪ রান। জেতার জন্য ২৫৫ লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস নির্ধারিত ৫০ ওভারে থেমে যায় ৯ উইকেটে ২৫২ রানে।
প্রভিডেন্স স্টেডিয়ামে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত) জয়ের লক্ষ্য তারা করতে গিয়ে অধিনায়ক ক্রিস গেইল (৫৭), অ্যাড্রিয়ান বারাথ (৫০) ও শিব নারায়ণ চন্দরপলের (৭০) অর্ধ-শতকের পরও ২৫২ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।
কেননা আর কোনো ব্যাটসম্যান মোটেও সুবিধা করতে পারেননি। নরসিং দেওনারিন ১৭ ও নিকিতা মিলার ছাড়া দুই অংকের কোঠায় পৌঁছতে পারেননি আর কোনো ব্যাটসম্যান।
শিঙ্গিরাই মাসাকাদজা ৩৬ রানে তিনটি ও এল্টন চিগুম্বুরা ৩২ রানে দু'টি উইকেট নেন। এছাড়া একটি করে উইকেট নেন প্রস্পার উৎসেয়া ও গ্রেগ ল্যাম্ব।
টস জিতে দুই উদ্বোধনী ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজা ও ভুসি সিবান্দার চমৎমকার ব্যাটিংয়ে দুরন্ত সূচনা করে জিম্বাবুয়ে। উদ্বোধনী জুটিতে ভাঙ্গন ধরে ৬৭ রানের মাথায়। নিকিতা মিলারের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে সাজঘরে ফিরে যান মাসাকাদজা ৪১ রান করে। তার ৪৫ বলের ইনিংসে চার রয়েছে ছয়টি।
কিন্তু রান তোলার গতি কমেনি জিম্বাবুয়ের। তাতেন্দা তাইবুর ঝড়ো ব্যাটিংয়ে কোনঠাসা হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজের বোলারা। কিরন পোলার্ডের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরের পথ ধরার আগে ৫৬ রান করেন, ৫৪ বলে। চার মারেন ৫টি।
তাইবুর বিদায়ের পর নিয়মিত বিরতেই উইকেট পড়তে থাকে জিম্বাবুয়ের। তবে সিবান্দার মারমুখী ব্যাটিং সচল রাখে স্কোরারের কলম। ৪৯তম ওভারে কেমার রোচের বলে সরাসরি বোল্ড হন তিনি। তখন দলের ছিল ২৪১। ১৬২ বলে রান করেন ৯৫। দড়ির ওপারে বল পাঠিয়েছেন পাঁচবার, একবার হাওয়ায় ভাসিয়ে।
দু'টি উইকেট নেন কিরন পোলার্ড ৫৯ রান দিয়ে। এছাড়া একটি করে উইকেট নেন কেমার রোচ ও মিলার।
ম্যাচ সেরার পুরস্কারের জন্য সিবান্দাকে বেছে নিতে নির্বাচকদের দ্বিতীয়বার ভাবতে হয়নি।
এই ম্যাচ জিতে পাঁচ ম্যাচের একদিনের সিরিজে ১-০ তে এগিয়ে গেল জিম্বাবুয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/১৭৫৩ ঘ.
bdnews24