চট্টগ্রাম, মার্চ ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেষ একদিনের ম্যাচে বাংলাদেশ ও ইংল্যান্ড, দু'দলই মাঠে নামছে আগামী বছরের বিশ্বকাপ মাথায় রেখে। বাংলাদেশ এমন কিছু করে দেখাতে চায়, যা অনুপ্রেরণা হয়ে থাকবে বিশ্বকাপের জন্য। অধিনায়ক সাকিব আল হাসান মনে করছেন সে ক্ষমতা তাদের আছে।
মিরপুরে দ্বিতীয় একদিনের ম্যাচে ইংল্যান্ডকে প্রায় ঠেলে নিয়ে গিয়েছিল হারের দোর গোড়ায়। তাই শুক্রবার স্পিনের বিপক্ষে আবারো পরীক্ষা দিতে নামতে হতে পারে ইংল্যান্ডকে। অতীতে চট্টগ্রামে চমৎকার টার্ন পেয়েছেন স্পিনাররা। এবারো যে পাবেন, তা বলে দেয়া যায় নিঃসন্দেহে। কেননা বাংলাদেশ মাঠে নামাতে পারে আগের ম্যাচের দলটিকেই।
আগামী বছরের ১১ মার্চ ইংল্যান্ড আবার ফিরে আসবে, চট্টগ্রামে গ্র"পের পঞ্চম ম্যাচ খেলার জন্য। প্রতিপক্ষ এই বাংলাদেশই। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের নক-আউট পর্বে ওঠার জন্য সেই খেলাটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে ইংল্যান্ডের জন্য। তাই বিশ্বকাপের অনুপ্রেরণা খুঁজবে তারাও, এই ম্যাচে।
"আশা করছি বিশ্বকাপ আসতে আসতে আমরা খুব ভালো একটি দলে পরিণত হতে পারবো," ক্রিকইনফোকে বলেন সাকিব তার প্রত্যাশার কথা, "আমরা এখন আমাদের খেলাটাকে বেশ ভালোভাবেই বুঝতে পারছি-কি ধরনের শট খেলতে হবে, কিভাবে খেলতে হবে, সবকিছু।"
দলের ক্রিকেটারদের সম্পর্কে বলেন, "আমাদের মানসিক অবস্থা খুব ভালো, ভয় নেই কোনো। দলের জন্য কিছু একটা করে দেখানোর চেষ্টা করছেন সবাই। শুধু একজন ভালো খেললো, বিষয়টি আসলে মোটেও তা নয়। এটি আসলে দলীয় খেলা, দলীয় প্রচেষ্ঠার ব্যাপার।"
বাংলাদেশের জন্য সিরিজ জয়ের আশা শেষ হয়ে গেছে। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে জয়ের তীব্র আকাঙ্খা রয়ে গেছে সেই আগেরই মতো। যদিও ৫০ ওভারের খেলায় 'বড়' দলগুলোর সঙ্গে পার্থক্য কমিয়ে আনতেই বেশি আগ্রহী বলে মঙ্গলবার ইঙ্গিত দিয়েছেন সাকিব। তার ভাষায়, "সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে যে কোনো দলকে হারাতে পারবো বলে আমরা বিশ্বাস করি। অবশ্যই আমরা এই ম্যাচ জিততে চেষ্টা করবো। কিন্তু সত্যি কথা বলতে কি, আমাদের মোটেও পথ হারালে চলবে না। সঠিক পথে রাখতে হবে প্রক্রিয়াকে।"
পরপর দু'টি ম্যাচ হারলেও ২০০৫ সালের সিরিজের মতো ম্যাচগুলো একপেশে হয়নি। কিছুটা প্রাপ্তি আছে বাংলাদেশের, এই সিরিজে। প্রথম একদিনের ম্যাচে তামিম ইকবালের শতক, দ্বিতীয় ম্যাচে উইকেট আগলে রেখে ইমরুল কায়েস ও মুশফিকু রহিমের অর্ধ-শতক, সেই সঙ্গে চুড়ান্ত 'পাওয়ার প্লে'কে কাজে লাগিয়ে লড়াই করার মতো ২৬০ রানের পুঁজি সংগ্রহ-এগুলো একেবারে ফেলনা নয়। এসব বাংলাদেশের জন্য অনুপ্রেরণার হলেও ইংল্যান্ডের জন্য দুশ্চিন্তার কারণ।
গত ১৫-১৬ মাস ধরে আমরা ধারাবাহিকভাবে ভালো রান করে যাচ্ছি বলে দাবি করেন সাকিব। তিনি বলেন, "খুবই ভালো খেলছে ইমরুল ও মুশফিক। আমারো ভালো খেলা দরকার। সবচেয়ে বড় কথা, শেষের দিকে খুব জোরে বল মারতে পারে, এমন কয়েকজন ব্যাটসম্যানও আছে। তাই আশা করছি আবারো আমরা ভালো রান করতে পারবো। ভালো খেলতে পারবো ব্যাট হাতে।"
এটা হয়তো বাংলাদেশের জন্য দুর্ভাগ্য। দ্বিতীয় একদিনের ম্যাচে তিনটি ক্যাচ ফেলে দিয়েছে বাংলাদেশ। এর মধ্যে একটি পল কলিংউডের ও আরেকটি ছিল অ্যালিস্টার কুকের। ম্যাচ শেষে প্রমাণীত হয়েছে এজন্য মূল্য দিতে হয়েছে খুব বেশি। এছাড়া 'ম্যাচ-উইনার' ইয়ন মর্গানও মাহমুদুল্লাহ রিয়াদের অন্তত দু'টি এলবিডব্লিউয়ের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। যদিও সাড়া দিলে আম্পায়রদের কেউ কোনো দোষ ধরতে পারতেন না। দিনটি মর্গানের না হলে হয়তো আঙ্গুল তুলে বসতেন আম্পায়ার।
বাংলাদেশ কোচ জেমি সিডন্সও ঠিক এমনটাই মনে করেন, "২৬০ রান তোলায় ম্যাচ জেতার একটা ভালো সম্ভাবনার সৃষ্টি হয়েছিল। কিন্তু ক্যাচ ফেলে দিয়ে সেই সুযোগ হারিয়েছি। ইয়ন মর্গানের বিপক্ষে এলবিডব্লিউয়ের আবেদনে আম্পায়ার সাড়া দিলে আক্ষরিক অর্থেই সমূহ বিপদে পড়তে হতো ইংল্যান্ডকে।
খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯ টায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭৪০ ঘ.
bdnews24