ন্যাপিয়ার, মাচ ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পেন্ডুলামের মতো দুলছিল ম্যাচটির ভাগ্য। কিন্তু স্কট স্টাইরিসের ঝড়ে শেষ পর্যন্ত জয় ধরা দিল নিউজিল্যান্ডের কাছে। অস্ট্রেলিয়াকে হারিয়েছে তারা দুই উইকেটে। তখনও হাতে ছিল চার বল।
অস্ট্রেলিয়ার বেঁধে দেয়া ২৭৬ রানের জয়ের লক্ষ্য টপকে নিউজিল্যান্ড পৌঁছে যায় ২৮১ রানে, আট উইকেটে। প্রথমে ব্যাট করে মাইক হাসির অর্ধ-শতকের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে অস্ট্রেলিয়া আট উইকেটে রান তোলে ২৭৫।
ম্যাকলিন পার্কে বুধবার জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের চমৎকার সূচনা করেন নিউজিল্যান্ডের দুই উদ্বোধনী ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম ও পিটার ইনগ্রাম। ৫০ রান তোলেন তারা মাত্র ৪৬ বলে। শেষ পর্যন্ত জুটিতে ভাঙ্গন ধরে ৭৫ রানের মাথায়। ইনগ্রাম ফিরে যান ৪১ বলে ৪০ রান করে। দড়ির ওপারে বল পাঠিয়েছেন আটবার।
অপর উদ্বোধনী ব্যাটসম্যান ৯০ রানের মাথায় সাজঘরের পথ ধরার আগে করেন ৪৫। তার ৪৩ বলের ইনিংসে চার রয়েছে সাতটি। বোলিঙ্গারের বলে সরাসরি বোল্ড হন তিনি।
মার্টিন গুপটিল ৩০ বলে ৯ রান করে বিদায় নেন ১০৬ রানের মাথায়। এতে পথ হারানোর একটা আশঙ্কা দেখা দেয় কিউই ইনিংসে। এ অবস্থায় দলের হাল ধরেন অধিনায়ক রস টেইলর। তিনি ব্যাট করে যেতে থাকলেও অপর প্রান্তে জেমস ফ্রাঙ্কলিন (৩১ বলে ১২ রান) ও নিল ব্র"ম (২৪ বলে ১৯ রান) ফিরে গেলে রান তোলার গতি কমে যায়। যদিও ৭১ বলে ৭০ রান করেন টেইলর। ছয়টি চার ও একটি ছক্কা দিয়ে সাজিয়েছেন তিনি তার ইনিংসটি।
ঠিক এই সময় ব্যাট হাতে মাঠে নেমেই ঠান্ডা মাথায় ঝড় তোলেন স্কট স্টাইরিস। সম্ভাব্য দ্বাদশ ব্যক্তি থেকে নিজেকে রুপান্তরিত করেন 'ম্যাচ উইনার' হিসেবে। টসের আগে একাদশে ছিলেন না। নিয়মিত অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি ঘাড়ে চোট পাওয়ায় একাদশে জায়গা হয় তার। তাই দলের নেতৃত্ব দেন টেইলর। সেই সঙ্গে দলনায়ক হিসেবে প্রথম ম্যাচেই সফলতার মুখ দেখেন স্টাইরিসের কল্যাণে।
ডোগ বোলিঙ্গারের ৫০তম ওভারের দ্বিতীয় বলে লং-অফ দিয়ে ছক্কা মেরে দলকে পৌঁছে দেন জয়ের কাঙ্খিত লক্ষ্যে। বলটি যখন হাওয়ায় ভেসে সীমানার ওপারে যাচ্ছিল, সেই সময় উল্লাসে ফেটে পড়েন স্টাইরিস। যেন জবাব দিলেন অসি বোলারদের আক্রমণাত্মক মনোভাবের। মাত্র ৩৪ বলে ৪৯ রানের হার না মানা একটি ইনিংস খেলেন তিনি। দড়ির ওপারে বল পাঠিয়েছেন সাতবার। আরেকবার হাওয়ায় ভাসিয়ে।
সেই সঙ্গে ছেদ পড়লো অসিদের বিজয়ের ধারায়ও। পুরো গ্রীষ্মেই অস্ট্রেলিয়াকে হার মানতে হয়নি কোনো দলের কাছে।
অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে ৫৮ রানে দুই উইকেট নেন বোলিঙ্গার। এছাড়া একটি করে উইকেট ভাগভাগি করে নিয়েছেন পাঁচ বোলার।
এর আগে অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। ইনিংসের বেশ ভালোই ভিত্তি রচনা করেন দুই অসি উদ্বোধনী ব্যাটসম্যান শেন ওয়াটসন ও ব্র্যাড হ্যাডিন। দলের ঠিক ৫০ রানের মাথায় বিদায় নেন হ্যাডিন ১২ রান করে। শেন বন্ডের বলে বোল্ড হন তিনি। দলের সঙ্গে ৮ রান যুক্ত হওয়ার পর মাত্র ৩১ বলে ৪৫ রান করে সাজঘরের পথ ধরেন ওয়াটসন। জ্যাকব ওরামের বল পুল করেন তিনি। কিন্তু ঠুকে দেয়ায় ওয়াটসনের প্রত্যাশার চেয়ে একটু বেশি উঠে যায় বলটি। ফলে ব্যাটের কাঙ্খিত জায়গা দিয়ে খেলতে পারেননি। বলটি উঠে যায় আকাশে। সীমানার কাছে মিড-উইকেট অঞ্চল থেকে ছুটে এসে মাটিতে পড়ার আগে আগে বলটি লুফে নেন পিটার ইনগ্রাম। ক্যাচটির কথা অনেকদিন মনে থাকবে দর্শকদের।
মাত্র ৫৮ রানে দুই উইকেট হারালেও অস্ট্রেলিয়ার অন্য ব্যাটসম্যানদের সবাই কম-বেশি রান করায় স্কোর বোর্ডের চাকা সব সময়ই সচল ছিল। ইনিংসে সবচেয়ে বড় ৭২ রানের জুটি গড়ে তোলেন মাইক হাসি ও জেমস হোপস। বন্ডের বলে বোল্ড হওয়ার আগে ৫৯ রান করেন হাসি। তার ৫৯ বলের ইনিংসে চার রয়েছে চারটি। আর হোপস করেন ৪২ বলে ৩৩। বোল্ড হন তিনিও। তবে বন্ড নয়, বোলার ছিলেন টিম সুথি।
এছাড়া পন্টিং রান করেন ৪৪, ক্যামেরোন হোয়াইট ৩৩, মাইকেল ক্লার্ক ২২ ও ২১ রানে অপরাজিত ছিলেন মিচেল জনসন। তার ১১ বলের ইনিংসে চার রয়েছে দু'টি। হাওয়ায় ভাসিয়ে বল সীমানা পার করেছেন একবার।
নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে তিন উইকেট নেন ড্যারিল টাফি, ৫৮ রানে। এছাড়া ৫০ রানে দুই উইকেট নেন বন্ড।
পাঁচ ম্যাচের একদিনের চ্যাপেল-হ্যাডলি ট্রফির প্রথমটি জিতে নিউজিল্যান্ড ১-০ তে এগিয়ে গেল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭৩২ ঘ.
bdnews24