২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভালো জুটি গড়ে না ওঠায় ডুবেছে বাংলাদেশ

বড় কোন জুটি গড়ে তুলতে না পারার খেসারত দিতে হলো বাংলাদেশকে ইংল্যান্ডের বিপক্ষে হেরে, এমনটাই মনে করেন বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2010, 06:48 PM

Updated : 24 Aug 2022, 07:08 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড় কোন জুটি গড়ে তুলতে না পারার খেসারত দিতে হলো বাংলাদেশকে ইংল্যান্ডের বিপক্ষে হেরে, এমনটাই মনে করেন বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। তামিমের এ কথার পেছনে যথেষ্ঠ যুক্তিও আছে। এর প্রমাণ মিলেছে মাঠেই। তামিমের ১২৫ রানের সর্বোচ্চ ইনিংসটির পর নাইমের ২৫ রানের ইনিংসই সেরা। তামিম ও ইমরুল কায়েস উদ্বোধনী জুটিতে ৬৩ রান করায় অনেকেই মনে করেছিলেন দিনটি হয়তো ভালোই যাবে বাংলাদেশের। কিন্তু ভালো যায়নি মোটেও। কেনন গড়ে ওঠেনি বড় কোনো জুটি। ইংল্যান্ডের জয়ের দিনেও ম্যাচ সেরা তামিম। ১২০ বলে ১২৫ রানের অসাধারণ ইনিংস খেলেন তিনি। ম্যাচের পর সংবাদ সম্মেলনে স্বভাবতই সবটুকু কৌতুহল ছিল তামিমকে ঘিরে। ইংল্যান্ডের এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, এটাই কি আপনার সেরা ইনিংস? তামিমের ঝটপট জবাব, ''সেরাগুলোর একটি। কিন্তু সেরা ইনিংস এখনো খেলিনি।'' হারের কারণ হিসেবে বড় জুটি গড়ে তুলতে না পারার কখাই তুলে ধরলেন তামিম, ''শুরুটা ভালোই হয়েছিল। কিন্তু আমাদের ব্যাটসম্যানরা বড় জুটি গড়ে তুলতে পারেননি। উইকেট কোনো সমস্যা ছিলনা। আরো বেশি রান করা উচিত ছিল।" তারপরও কিছু ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন তামিম। এ প্রসঙ্গে তিনি বলেন, "এছাড়া আমাদের খেলোয়াড়রাও কেবল শিখছে। প্রতি ম্যাচেই কেউ না কেউ ভালো রান করছে, যা আগে দেখা যেতো না।" ২-৩ বছরের মধ্যেই দলে ইতিবাচক পরিবর্তন চোখে পড়বে বলে বিশ্বাস করেন তামিম। এদিকে অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই সফল হয়েছেন অ্যালিস্টার কুক। স্বভাবতই খুব খুশি তিনি। বললেন, "প্রথম দিকে ১০-১৫ ওভার ভালো খেলেছে বাংলাদেশ। কিন্তু এরপরই আমরা ম্যাচে ফিরে আসি।" তিনি বলেন, "বোলাররা অসাধারণ বল করেছেন। সেই সঙ্গে পল কলিংউডের ব্যাটিং আমাদের জয়কে সহজ করে দিয়েছে। বাংলাদেশকে ২২৫ থেকে ২৩০ রানে আটকে রাখতে চেয়েছি। এতেও সফল হয়েছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/সিজি/০০৩৬ ঘ.