২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিন্টুর শতকে বড় স্কোরের পথে রাজশাহী

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় পর্বের তৃতীয় ম্যাচে ঢাকা বিভাগের বিপক্ষে প্রথম ইনিংসে বড় স্কোরের পথে এগিয়ে চলেছে রাজশাহী। উদ্বোধনী ব্যাটসম্যান নাদিমউদ্দিন মিন্টুর শতকের সুবাদে প্রথমদিনেই ৩৩০ রান তুলেছে রাজশাহী, ৫ উইকেটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2010, 04:45 PM

Updated : 24 Aug 2022, 07:08 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় পর্বের তৃতীয় ম্যাচে ঢাকা বিভাগের বিপক্ষে প্রথম ইনিংসে বড় স্কোরের পথে এগিয়ে চলেছে রাজশাহী। উদ্বোধনী ব্যাটসম্যান নাদিমউদ্দিন মিন্টুর শতকের সুবাদে প্রথমদিনেই ৩৩০ রান তুলেছে রাজশাহী, ৫ উইকেটে। অন্য ম্যাচে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে প্রথম ইনিংসে ২৪১ রান করেছে খুলনা বিভাগ। জবাবে দিনশেষে ৩ উইকেটে ৮৩ রান তোলে চট্টগ্রাম। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে রোববার টস জিতে ব্যাটিং বেছে নেয় রাজশাহী। প্রথম উইকেট জুটিতে ৪৪ রান করেন মিন্টু ও রনি তালুকদার (২৭)। দ্বিতীয় উইকেট জুটিতে সামসুর রহমান ও মিন্টু শতরান যোগ করেন দলের সঙ্গে। ১৬৬ রানের মাথায় সামসুর রহমান (৬৩) বিদায় নেন। চতুর্থ উইকেট জুটিতে মিন্টু ও মার্শাল আইয়ুব আবারো শতরানের জুটি গড়ে তোলেন। দলীয় ২৯০ রানের মাথায় আউট হন মিন্টু। তিনি করেন ১৪৭ রান। ৩০৮ রানের মাথায় ১০ রান করে সাজঘরে ফেরেন মেহরাব জুনিয়র। ৫৯ রানে ব্যাট করছেন মার্শাল আইয়ুব। অন্য অপরাজিত ব্যাটসম্যান শুভগত চৌধুরি করেছেন ১৪। ঢাকার পক্ষে দু'টি করে উইকেট নেন দেলোয়ার হোসেন ও সাকলায়েন সজিব। এদিকে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমেই বিপদে পড়ে খুলনা। ইলিয়াস সানি ও কাজী কামরুলের দুর্দান্ত বোলিংয়ের মুখে খুলনার কোনো ব্যাটসম্যানই বড় স্কোর করতে পারেননি। শেষ পর্যন্ত ২৪১ রানে থেমে যায় খুলনার ইনিংস। দলের পক্ষে সবচেয়ে বেশি ৪২ রান করেন অমিত। এছাড়া নাজিমউদ্দিন রিপন ৩১ ও মিথুন ৩০ রান করেন। কাজী কামরুল ও ইলিয়াস সানি চারটি করে উইকেট নেন। জবাবে উদ্বোধনী ব্যাটসম্যান গাজী সালাউদ্দিনের ব্যাটিংয়ের ওপর ভর করে দিনশেষে ৮৩ রান করেছে চট্টগ্রাম, ৩ উইকেটে। ৪৩ রানে ব্যাট করছেন সালাউদ্দিন। এছাড়া ইলিয়াস সানি অপরাজিত রয়েছেন ৭ রানে। সৈয়দ রাসেল ২৮ রানে দুই উইকেট নেন। অন্য উইকেটটি নেন মনোয়ার হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২২৩২ ঘ.