ওয়েলিংটন, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় ও শেষ ২০ ওভারের ম্যাচটি টাই হয়েছে।
প্রথমে ব্যাট করতে নেমে স্বাগতিকরা ব্রেন্ডন ম্যাককালামের অপরাজিত শতকের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ২১৪ রান করে, ৬ উইকেটে। জবাবে অস্ট্রেলিয়া ৪ উইকেটে তোলে ২১৪।
ক্রাইস্টচার্চ স্টেডিয়ামে রোববার টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী ব্যাটসম্যান পিটার ইনগ্রাম প্রথম ওভারেই শন টেইটের বলে সরাসরি বোল্ড হন। তখন দলের রান ছিল ১০। তবে ঝড় তোলেন অপর উদ্বোধনী ব্যাটসম্যান বেন্ডন ম্যাককালাম।
দ্বিতীয় উইকেট জুটিতে মার্টিন গুপটিল ও ম্যাককালাম দলের সঙ্গে যোগ করেন আরো ৫২ রান। ৬২ রানের মাথায় রায়ান হ্যারিসের বলে স্টিভ স্মিথের হাতে ধরা পড়ে বিদায় নেন গুপটিল (১৭)। দলের রানের সঙ্গে ১৫ যোগ হতেই আরো দুই উইকেট হারায় কিউইরা। তারপরও রান তোলার গতি কমেনি, ম্যাককালাম ও হপকিনসের ঝড়ো ব্যাটিংয়ের কারণে।
মাত্র ৫৬ বলে অপরাজিত ১১৬ রান করেন ম্যাককালাম। তিনি তার ইনিংসটি সাজান ১২টি চার ও ৮টি ছক্কা দিয়ে। আর হোপকিনস ৩৬ রান করেন ১৭ বলে। চার মারেন তিনটি, ছক্কা দু'টি।
অস্ট্রেলিয়ার পক্ষে ৪০ রান দিয়ে দুই উইকেট নেন টেইট। এছাড়া একটি করে উইকেট নেন ডার্ক ন্যান্স, হ্যারিস ও স্মিথ।
জয়ের জন্য ২১৫ রান তাড়া করতে নেমে অধিনায়ক মাইকেল ক্লার্ক ও ক্যামেরোন হোয়াইটের অর্ধ-শতক হাঁকানোর পরও অস্ট্রেলিয়ার ইনিংসও শেষ হয় ২১৪ রানে। ফলে টাই হয় সিরিজের শেষ ম্যাচটি।
ক্লার্ক করেন ৬৭ রান। তার ৪৫ বলের ইনিংসে ৫টি চার ও দু'টি ছক্কা রয়েছে। এছাড়া মাত্র ২৬ বলে ৬৪ করেন হোয়াইট। দড়ির ওপারে বল পাঠান পাঁচবার। আরো পাঁচবার পাঠান হাওয়ায় ভাসিয়ে।
নিউজিল্যান্ডের পক্ষে দু'টি উইকেট নেন জেমস ফ্রাঙ্কলিন, ৩২ রানে। এছাড়া ২৭ রানে একটি উইকেট নেন শেন বন্ড।
ম্যাচ সেরা হয়েছেন ম্যাককালাম।
সুপার ওভারে বেশি রান করার সুবাদে নিউজিল্যান্ডকে জয়ী ঘোষণা করা হয়। ফলে দুই ম্যাচের টোয়েন্টি-টোয়েন্টি সিরিজ ১-১ এ ড্র হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/১৭৪৩ ঘ.
bdnews24