আহমেদাবাদ, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মান বাঁচানোর লড়াইয়ে জ্যাক ক্যালিস ও এবি ডি ভিলিয়ার্সের শতকের সুবাদে ভারতকে ৩৬৬ রানের বড় লক্ষ্য বেঁধে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ৫০ ওভারে ৩৬৫ রান করেছে তারা, দুই উইকেটে।
সর্দার প্যাটেল স্টেডিয়ামে শনিবার টস জিতে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক জ্যাক ক্যালিস ব্যাট করার সিদ্ধান্ত নেন। তার এই সিদ্ধন্তকে সঠিক প্রমাণ করেন দক্ষিণ আফ্রিকার দুই উদ্বোধনী ব্যাটসম্যান লুটস বোসম্যান ও হাশিম আমলা। মাঠে নেমেই ঝড়ের গতিতে রান তুলতে থাকেন দু'জনই। ৫০ রান তোলেন তারা ৮ ওভারে, ১০০ রান ১৪ ওভার ১ বলে। যদিও হাশিম আমলার চেয়ে বোসম্যান ছিলেন অনেক বেশি আক্রমণাত্মক।
দলীয় ১১৩ রানের মাথায় ইউসুফ পাঠানের বলে রবীন্দ্র জাদেজার হাতে ধরা পড়ার আগে বোসম্যান করেন ৬৮। তিনি তার ৪৬ বলের ইনিংসটি সাজান ৭টি চার ও ৪টি ছক্কা দিয়ে। লং-অফ দিয়ে হাওয়ায় ভাসিয়ে সীমানার ওপারে বল পাঠানোর চেষ্টা করেন তিনি। কিন্তু ঠিক মতো খেলতে না পারায় বল উঠে যায় আকাশে। ক্যাচ ধরতে কোনো অসুবিধা হয়নি জাদেজার।
বোসম্যান বিদায় নিলেও রান তোলার গতি কমেনি। মেরে খেলে যেতে থাকেন আমলা ও জ্যাক ক্যালিস। দলের সঙ্গে তারা যুক্ত করেন আরো ৭৯ রান। ১৯২ রানের মাথায় সাজঘরের পথ ধরার আগে করেন ৮৭। পরপর কয়েকটি কয়েকটি বলে রান করতে না পেরে ধৈর্য্য হারিয়ে ফেলেন আমলা। রবীন্দ্র জাদেজার বলটি সুইপ করার উপযুক্ত ছিল না, তারপরও সুইপ করলেন তিনি। বল ব্যাটের কানায় লেগে উঠে যায় ডিপ স্কোয়ার লেগে। ঠিকানা খুঁজে পায় মুরালি বিজয়ের হাতে। এরপর আর কোনো অঘটন ঘটেনি।
তবে জ্যাক ক্যলিস ও এবি ডি ভিলিয়ার্সের ঝড় চলতেই থাকে। নির্ধারিত ৫০ ওভার শেষে থামে সেই ঝড়। ততক্ষণে দু'জনই তাদের শতক আদায় করে নেন। ক্যালিস ৯৪ বলে ১০৪ করেন ৫টি চার ও তিনটি ছক্কার সাহায্যে। কিন্তু ভিলিয়ার্সের আক্রমণাত্মক ব্যাটিংয়ের ছায়ায় ঢাকা পড়েন জ্যাক ক্যালিস। মাত্র ৫৯ বলে ১০২ রান করেন ভিলিয়ার্স। দড়ির ওপারে বল পাঠান ১১ বার। হাওয়ায় ভাসিয়ে পাঠান তিনবার।
ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৭ বোলার ব্যবহার করেন। এর মধ্যে উইকেট পান কেবল দু'জন। ইউসুফ পাঠান ও রবীন্দ্র জাদেজা।
তিন ম্যাচের একদিনের সিরিজে ভারত ২-০ তে এগিয়ে আছে। তবে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ এ ড্র হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/সিজি/১৮২৮ ঘ.
bdnews24