২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের টাইটেল স্পন্সর বেক্সিমকো

অবশেষে বাংলাদেশ-ইংল্যান্ড টেস্ট ও একদিনের সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে দেশের অন্যতম বৃহৎ শিল্প-গোষ্ঠী বেক্সিমকো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2010, 03:01 PM

Updated : 24 Aug 2022, 07:06 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অবশেষে বাংলাদেশ-ইংল্যান্ড টেস্ট ও একদিনের সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে দেশের অন্যতম বৃহৎ শিল্প-গোষ্ঠী বেক্সিমকো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায়। তবে কত অংকের অর্থের বিনিময়ে বেক্সিমকো টাইটেল স্পন্সর হয়েছে, বিজ্ঞপ্তিতে তা জানানো হয়নি। এ ব্যাপারে বিডিনিউজের পক্ষ থেকে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রায় এক লাখ ডলারের বিনিময়ে টাইটেল স্পন্সর হয়েছে বেক্সিমকো। টিকেটের দামও জানিয়েছে বিসিবি আরেকটি বিজ্ঞপ্তিতে। এতে বলা হয়, প্রথম দু'টি একদিনের ম্যাচের জন্য গ্যালারি-৫০ টাকা, স্পেশাল এনক্লোজার-১০০ টাকা, ক্লাব হাউজ-২০০ টাকা ও ভিআইপি গ্র্যান্ড স্ট্যান্ড-১০০০ টাকা। টিকেট ঢাকা ও আশপাশের সব গ্রামীণফোন সেন্টারে পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। প্রথম দু'টি একদিনের ম্যাচ হবে ২৮ ফেব্র"য়ারি ও ২ মার্চ, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দু'টি খেলাই শুরু হবে দুপুর ২টায়। এর আগে স্টেডিয়ামের অভ্যন্তরীণ বিজ্ঞাপনের জন্য দু'টি প্যাকেজ বিক্রি হয়েছে ৪৯ লাখ টাকায়। মার্কেটিং এজেন্সি এক্সিউম টেকনোলজিস কিনে নিয়েছে দু'টি প্যাকেজই। তবে বিসিবির বিপনন বিভাগ জানায়, আরো একটি মার্কেটিং প্রতিষ্ঠান অ্যাকটাস লিমিটেড দরপত্রে অংশ নিয়ে প্যাকেজ দু'টির জন্য সমান অর্থ দিতে রাজি হওয়ায় এক্সিউম টেকনোলজিসের কাছ থেকে অতিরিক্ত ৪ লাখ ৯০ হাজার টাকা পাওয়া যেতে পারে। বাংলাদেশ-ইংল্যান্ড ক্রিকেট সিরিজের টাইটেল স্পন্সর এবং প্যাকেজ দু'টির জন্য দরপত্র আহবান করে বিসিবি ৩ ফেব্র"য়ারি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২০৪৫ ঘ.