২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার জয় ৬ উইকেটে

প্রথম ২০ ওভারের ম্যাচে নিউজিল্যান্ডকে দাঁড়াতেই দেয়নি অস্ট্রেলিয়া। স্রেফ উড়িয়ে দিয়েছে ৬ উইকেটে হারিয়ে। জেতার জন্য নিউজিল্যান্ডের বেঁধে দেয়া ১১৯ রানের লক্ষ্যে অস্ট্রেলিয়া পৌঁছে যায় চার উইকেটে। তখনো হাতে ছিল চার ওভার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2010, 10:51 AM

Updated : 24 Aug 2022, 07:06 PM

ওয়েলিংটন, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথম ২০ ওভারের ম্যাচে নিউজিল্যান্ডকে দাঁড়াতেই দেয়নি অস্ট্রেলিয়া। স্রেফ উড়িয়ে দিয়েছে ৬ উইকেটে হারিয়ে। জেতার জন্য নিউজিল্যান্ডের বেঁধে দেয়া ১১৯ রানের লক্ষ্যে অস্ট্রেলিয়া পৌঁছে যায় চার উইকেটে। তখনো হাতে ছিল চার ওভার। প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড সব উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে তোলে ১১৮ রান। ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে শুক্রবার জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার দুই উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ও শেন ওয়াটসন প্রথম দুই ওভারে ২৮ রান তুললে খেলার ফলাফল নির্ধারিত হয়ে যায় তখনই। যদিও দুই উদ্বোধনী ব্যাটসম্যান বিদায় নেন ৩৮ রানের মাথায়। দলের সঙ্গে এক রান যুক্ত হতেই সাজঘরের পথ ধরেন মিচেল জনসন। তারপরও অসিদের বিপদে পড়তে হয়নি। কেননা বড় কোনো লক্ষ্য সামনে না থাকায় ইনিংস মেরামত করার জন্য যথেষ্ঠ সময় হাতে পান অধিনায়ক মাইকেল ক্লার্ক ও ডেভিড হাসি। জুটি বেঁধে তারা ৬৭ রান তুললে জয় চলে আসে হাতের মুঠোয়। যদিও ১০৬ রানের মাথায় বিদায় নেন হাসি। দলের পক্ষে সবচেয়ে বেশি ৪৬ রানও আসে তার ব্যাট থেকে। হাসির ৩৬ বলের ইনিংসে চার রয়েছে ৫টি। বাকি কাজটা শেষ করে হাসতে হাসতে মাঠ থেকে বেরিয়ে আসেন ক্লার্ক ও ক্যামেরোন হোয়াইট। ক্লার্ক ২৬ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন। হোয়াইট করেন ৯ বলে ১১। এছাড়া ওয়ার্নার ও ওয়াটসন, দুজনই করেন ১৮ রান করে। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে শেন বন্ড ২ উইকেট নেন, ৩২ রানে। আর একটি করে উইকেট নেন ড্যানিয়েল ভেট্টোরি ও নাথান ম্যাককালাম। এর আগে টস জিতে নিউজিল্যান্ড অধিনায়ক ভেট্টোরি ব্যাট করার সিদ্ধান্ত নেন। শন টেইট, ডার্ক ন্যান্স ও মিচেল জনসনের গতি ও সুইংয়ের মুখে অসহায় হয়ে পড়েন কিউই ব্যাটসম্যানরা। দলীয় মাত্র ২ রানের মাথায় বিদায় নেন ব্রেন্ডন ম্যাককালাম (২)। এরপরই শুরু হয় ব্যাটসম্যানদের যাওয়া-আসার পালা। মাত্র ৫৪ রানের মাথায় সাজঘরে ফেরেন চার ব্যাটসম্যান। এরপর ব্যাটসম্যানদের যাওয়া-আসায় খানিকটা বিরতি। জেমস ফ্রাঙ্কলিন ও গ্যারেথ হোপকিনস ৫০ রানের একটি জুটি গড়ে তোলেন। এরই হাত ধরে নিউজিল্যান্ডের রান এক শ' ছাড়িয়ে যায়। ১০৪ রানের মাথায় হোপকিনসের বিদায়ের পর আবারো শুরু হয়ে যায় সেই যাওয়া আসার পালা। দলের সঙ্গে আর ১৪ রান যোগ হতেই বাকি পাঁচটি উইকেট খুইয়ে বসে নিউজিল্যান্ড। দলের পক্ষে সবচেয়ে বেশি ৪৩ রান করেন ফ্রাঙ্কলিন। এছাড়া মার্টিন গুপটিল ৩০ ও হোপকিনস ২১ রান করেন। আর কোনো ব্যাটসম্যান দুই অংকের মুখ দেখেননি। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে জনসন তিন উইকেট নেন ১৯ রানে। এছাড়া দু'টি করে উইকেট নেন টেইট ও ন্যান্স। এজন্য টেইট খরচ করেন ২১ রান। ন্যান্স দেন ২২। ম্যাচ সেরা হয়েছেন মিচেল জনসন। এই জয়ের ফলে দুই ম্যাচের টোয়েন্টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেলো অস্ট্রেলিয়া। দ্বিতীয় খেলাটি হবে ২৮ ফেব্র"য়ারি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৬৩১ ঘ.